রাজ্য সরকারের নতুন উদ্যোগে বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর। ১ জুন থেকে রাজ্যে চালু হতে চলেছে ‘যুবশক্তি’ প্রকল্প। পূর্বতন সরকারের যুবশ্রী ও যুবসাথী প্রকল্পের বদলে নতুন এই প্রকল্পের মাধ্যমে বেকার ভাতা ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান রাজ্য সরকার।
আবেদন ও আবেদনের পদ্ধতি: এই প্রকল্পের সুবিধা পেতে নতুন আবেদনকারীদের জন্য ১ জুন থেকে সরকারি পোর্টাল https://www.juboshokti.in/ চালু করা হচ্ছে। এ ছাড়াও এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইট থেকেও আবেদনের লিঙ্ক পাওয়া যাবে।
কারা নতুন করে আবেদন করবেন? প্রশাসনিক সূত্রে খবর, আগে যারা যুবশ্রী বা যুবসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না। পুরনো নথিভুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই সরাসরি ৩,০০০ টাকা তাঁদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে, নতুন করে যারা এই ভাতার আওতায় আসতে চান, তাঁদের অনলাইনেই নাম নথিভুক্ত করতে হবে।
ভেরিফিকেশন: ভুয়ো আবেদন ঠেকাতে সরকার কঠোর ভেরিফিকেশন বা স্ক্রুটিনির ব্যবস্থা করেছে। যারা আগে টাকা পাচ্ছিলেন, তাঁদের তথ্যও সরকার পুনর্যাচাই করে দেখবে।
প্রয়োজনীয় যোগ্যতা: ‘যুবশক্তি’ প্রকল্পের সুবিধা পেতে হলে প্রার্থীর নিম্নোক্ত যোগ্যতা থাকা আবশ্যক:
আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ।
আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে, অর্থাৎ কোনো সরকারি বা বেসরকারি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা চলবে না।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি (DBT) লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
প্রয়োজনীয় নথিপত্র: আবেদনের সময় ভোটার আইডি কার্ড, [আধার কার্ড রেড্যাকটেড], বয়সের প্রমাণপত্র (বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড), শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং সচল মোবাইল নম্বর সঙ্গে রাখা জরুরি।
স্বচ্ছতা ও সুবিধা: নবান্ন সূত্রে জানানো হয়েছে, চাকরি না পাওয়া পর্যন্ত বেকারদের আর্থিক মনোবল জোগাতেই এই উদ্যোগ। স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়াটি অনলাইনভিত্তিক করা হয়েছে। পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করার সময় ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যাঙ্কের আইএফএসসি (IFSC) কোড সহ সব তথ্য নির্ভুলভাবে দিতে হবে।
সরকারের এই নতুন উদ্যোগ রাজ্যের হাজার হাজার বেকার যুবক-যুবতীর জন্য এক বড় স্বস্তি হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল। ১ জুন থেকেই এই বর্ধিত ভাতা প্রদান প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে।





