১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি, সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে সুরক্ষার গাফিলতির অভিযোগে সরব সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন

বলিউডের অন্যতম নামী পরিচালক সঞ্জয় লীলা বনশালির মেগা প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলের মতো তারকাখচিত এই ছবির শুটিং চলাকালীন এক টেকনিশিয়ানের মর্মান্তিক মৃত্যুতে নতুন করে প্রশ্ন উঠল সেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। গত ১৭ জুন এই দুর্ঘটনাটি ঘটে মুম্বইয়ে। মৃত কর্মীর নাম চন্দ্রধারী সিং যাদব। তিনি সেটে কাজ করার সময় আচমকা প্রাণ হারান। এই ঘটনায় সিনেমা জগতের শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের আগুন জ্বলে উঠেছে।

ঘটনার দায়ভার নিয়ে সরব হয়েছে ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (AICWA)। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তা মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে একটি চিঠি লিখে পরিচালক সঞ্জয় লীলা বনশালি এবং সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ তথা এফআইআর দায়ের করার দাবি জানিয়েছেন। সংগঠনের অভিযোগ, কোটি কোটি টাকা বাজেটের ছবিতে তারকাসুলভ চাকচিক্য থাকলেও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি বারবার অবহেলিত থেকে যায়। চন্দ্রধারী সিং যাদব ছিলেন তাঁর পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর মৃত্যুতে স্ত্রী এবং দুই নাবালিকা কন্যা এখন গভীর অনিশ্চয়তার মুখে। এআইসিডব্লিউএ-এর দাবি, পরিচালককে ওই পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, মৃতের স্ত্রীর চাকরির ব্যবস্থা করতে হবে এবং তাঁর দুই মেয়ের পড়াশোনার পূর্ণ দায়িত্ব নিতে হবে।

বনশালির সেটে দুর্ঘটনার ইতিহাস এই প্রথম নয়। অতীতেও তাঁর একাধিক মেগা প্রজেক্টের সেটে প্রাণ হারিয়েছেন শ্রমিকরা। ‘দেবদাস’ ছবির শুটিংয়ে দীনদয়াল যাদব ও সুভাষ মোরকার নামের দুই ক্রু সদস্যের মৃত্যু এবং ‘পদ্মাবত’-এর শুটিংয়ে মুকেশ ডাকিয়ার উচ্চতা থেকে পড়ে মারা যাওয়ার ঘটনা আজও সিনে জগতের কর্মীদের মনে ভয়ের সঞ্চার করে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ তালিকায় নতুন সংযোজন হওয়ায় সিনে শ্রমিকদের সংগঠনের দাবি, এই অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, যতক্ষণ না মুম্বইয়ের ফিল্ম সিটিতে থাকা এই ছবির সেটে উচ্চপর্যায়ের সুরক্ষা সমীক্ষা (Safety Audit) সম্পন্ন হচ্ছে, ততক্ষণ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সম্পূর্ণ বন্ধ রাখা হোক। বড় বাজেটের ছবির আড়ালে সাধারণ শ্রমিকের প্রাণের মূল্য কি তবে এতই কম? এই প্রশ্নই এখন সর্বত্র ঘুরছে। এখন দেখার, প্রশাসন এই অভিযোগের প্রেক্ষিতে বনশালির বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেয়।