“১০ অক্টোবর মহালয়া!”-কবে ষষ্ঠী আর কবেই বা দশমী? প্রকাশিত দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট

রথের চাকা গড়াতেই বাঙালির মনে বেজে উঠেছে শারদীয়ার আগমনী সুর। রথযাত্রার পুণ্য তিথিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে খুঁটিপুজোর মাধ্যমে শুরু হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন। ঢাকের আওয়াজ আর প্যান্ডেল তৈরির ব্যস্ততায় এখন থেকেই উৎসবের আমেজ রাজ্যজুড়ে।

কবে মহালয়া? কবেই বা পুজো? ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে দুর্গাপুজো কিছুটা দেরিতে। পঞ্জিকা মতে, আগামী ১০ অক্টোবর (শনিবার) মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা। ওইদিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের মাধ্যমে দেবীপক্ষের সূচনা হবে। এরপর ১১ অক্টোবর থেকে শুরু হবে শারদীয়া নবরাত্রি।

একনজরে পুজোর নির্ঘণ্ট:

  • মহাসপ্তমী: ১৭ অক্টোবর (শনিবার) ও ১৮ অক্টোবর (রবিবার)

  • মহাষ্টমী: ১৯ অক্টোবর (সোমবার)

  • মহানবমী: ২০ অক্টোবর (মঙ্গলবার)

  • বিজয়া দশমী: ২১ অক্টোবর (বুধবার)

এবার পুজোর বিশেষ আকর্ষণ ‘ডবল সপ্তমী’: পঞ্জিকার হিসাব অনুযায়ী, ২০২৬ সালের দুর্গাপুজোর অন্যতম বিশেষ আকর্ষণ হলো ‘ডবল সপ্তমী’। মহাসপ্তমী তিথি পরপর দু’দিন ধরে থাকায় পুজো উদযাপনে ভিন্নমাত্রা যোগ হতে চলেছে।

গজে আগমন ও নৌকায় গমন: শাস্ত্রীয় গণনা অনুযায়ী, মহাসপ্তমী রবিবার হওয়ায় এবার দেবীর আগমন হচ্ছে গজে (হাতিতে)। যা শাস্ত্র মতে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। অন্যদিকে, বিজয়া দশমী বুধবার হওয়ায় দেবীর গমন হবে নৌকায়। শাস্ত্রজ্ঞদের মতে, নৌকায় গমন শস্যবৃদ্ধি ও উর্বরতার ইঙ্গিত দিলেও, অতিবৃষ্টি বা বন্যার সতর্কবার্তা দেয়।

রথযাত্রার হাত ধরেই এখন চারিদিকে শারদোৎসবের প্রস্তুতি তুঙ্গে। খুঁটিপুজোর শব্দে এখন থেকেই শহর থেকে গ্রাম—প্রতিটি প্রান্ত মেতে উঠতে তৈরি বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোয়।