১লা জুলাই থেকে রেলের নিয়ম কড়া! বিনা টিকিটে ভ্রমণ করলেই গুনতে হবে দ্বিগুণ জরিমানা

ভারতীয় রেলের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও নিরাপদ ও নিয়মানুবর্তী করতে কেন্দ্রীয় সরকার বড় পদক্ষেপ নিতে চলেছে। ‘পাবলিক ট্রাস্ট (সংশোধনী বিধান) আইন, ২০২৬’-এর আওতায় রেল কর্তৃপক্ষ ১লা জুলাই থেকে বেশ কিছু কঠোর নিয়মনীতি কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে। যারা টিকিট ছাড়া ভ্রমণ করেন বা ট্রেনের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাদের জন্য জরিমানার অঙ্ক বাড়ানো হয়েছে।

জরিমানার নতুন তালিকা ও নিয়মাবলী:

  • বিনা টিকিটে ভ্রমণ: টিকিট ছাড়া ধরা পড়লে বা আগের ব্যবহৃত টিকিট ব্যবহার করলে সর্বনিম্ন জরিমানা ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হচ্ছে। ভাড়া ও অতিরিক্ত চার্জের পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।

  • টিকিট জালিয়াতি: অন্য যাত্রীর নামে কেনা টিকিট ব্যবহার করলে তা বাজেয়াপ্ত করা হবে। এর জন্য সর্বনিম্ন ৫০০ টাকা জরিমানা এবং অতিরিক্ত ফি গুণতে হবে।

  • মহিলাদের কামরায় পুরুষদের প্রবেশ: মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় অবৈধভাবে প্রবেশ করলে পুরুষ যাত্রীদের ২৫০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

  • অশালীন আচরণ ও বিশৃঙ্খলা: ট্রেনে বা স্টেশনে অশ্লীল ভাষা ব্যবহার, অন্য যাত্রীদের বিরক্ত করা বা মদ্যপ অবস্থায় গোলমাল করলে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে। মাতাল যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অধিকার থাকবে রেলের।

  • হকার ও ভিক্ষুকদের ওপর কড়াকড়ি: অনুমতিহীন হকারি বা ভিক্ষাবৃত্তি করলে ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পুনরাবৃত্তি করলে ১ বছর পর্যন্ত কারাদণ্ড হওয়ার বিধান রাখা হয়েছে।

কেন এই কঠোর পদক্ষেপ? রেলওয়ে বোর্ডের মতে, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং সংরক্ষিত টিকিটের অপব্যবহার রোধ করাই এই সংশোধনীগুলোর মূল লক্ষ্য। রেলওয়ে আইন, ১৯৮৯-এর এই সংশোধনীগুলি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয়েছে এবং ১লা জুলাই থেকে জোনাল রেলওয়েগুলোতে তা কার্যকর হওয়ার কথা রয়েছে।

রেল কর্তৃপক্ষ বারবার যাত্রীদের অনুরোধ জানাচ্ছে, নিয়ম মেনে ভ্রমণ করুন এবং সহযাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের দিকে খেয়াল রাখুন। আপনার একটি সচেতনতাই অন্যের যাত্রা নির্বিঘ্ন করতে পারে।