হাতে আর মাত্র ক’টা দিন! উৎসবের আগেই বড় চমক, নোইডা থেকে উদ্ধার ৫৫০ কেজি ‘বিষ-পনির’

উৎসবের মরসুম দরজায় কড়া নাড়ছে, আর ঠিক তখনই বাজারে সক্রিয় হয়ে উঠেছে ভেজাল চক্র। নিম্ন মানের ও ক্ষতিকারক খাদ্য সামগ্রী তৈরির অভিযোগ এখন নিত্যদিনের। এমনই এক বড়সড় ভেজাল চক্রের পর্দাফাঁস করল নোইডার খাদ্য সুরক্ষা বিভাগ।
গৌতমবুদ্ধ নগরের খাদ্য সুরক্ষা দফতর এক বড় পদক্ষেপ নিয়ে নোইডা থেকে প্রায় ৫৫০ কিলোগ্রাম ভেজাল পনির বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত হওয়ার পর এই বিপুল পরিমাণ পনির নষ্ট করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক্স প্ল্যাটফর্মে (@News1IndiaTweet) এই অভিযানের একটি ভিডিও শেয়ার করা হয়েছে।
ঘটনা ও অভিযান:
জানা গিয়েছে, ১১ থেকে ১২ অক্টোবর গভীর রাতে এই অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিক মুকেশ কুমার, বিজয় বাহাদুর প্যাটেল এবং রবীন্দ্র নাথ বর্মার একটি দল সেক্টর ৮১-এর ভাঙ্গেল গ্রামে একটি সন্দেহজনক বোলেরো গাড়ি আটক করে।
গাড়িটি পরীক্ষা করতেই নজরে আসে বিপুল পরিমাণ নিম্ন মানের পনির। ‘দৈনিক ভাস্কর’ সূত্রে খবর, গাড়িটি হরিয়ানার মেওয়াটে অবস্থিত জঙ্গী মিল্ক প্ল্যান্ট থেকে আসছিল এবং দিল্লি-এনসিআর-এর বিভিন্ন জেলায় এই ভেজাল পনির সরবরাহ করা হতো।
মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক:
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই পনিরগুলি ছিল মারাত্মক ভেজালযুক্ত এবং মানুষের খাওয়ার অযোগ্য। খাদ্য সুরক্ষা কমিশনার (Food Safety Commissioner) দ্বিতীয় সর্বেশ কুমার জানিয়েছেন, ভেজালের বিষয়টি নিশ্চিত করার জন্য পনিরের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহের পর বাকি প্রায় ৫৫০ কেজি পনির তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করে নষ্ট করে দেওয়া হয়।
উৎসবের মরসুমে যখন মানুষের পাতে নানা রকম পদের চাহিদা বাড়ে, তখন এই ধরণের ভেজাল খাদ্যদ্রব্য উদ্ধারের ঘটনা জনস্বাস্থ্যে বড়সড় প্রশ্নের সৃষ্টি করল। খাদ্য সুরক্ষা বিভাগের এই কড়া পদক্ষেপ ভেজাল চক্রকে একটি কড়া বার্তা দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।