‘স্ক্রিনে দেখতে পাবেন ৮৩ সন্তানকে’! আলবেনিয়া পার্লামেন্টে AI-বিপ্লব, কাকে আক্রমণ করতে হবে, বাতলে দেবে ‘Diella’র শিশুরাই?

কৃত্রিম যন্ত্রমেধার (AI) তৈরি চরিত্রকে মন্ত্রী নিয়োগ করে কিছুদিন আগেই গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল আলবেনিয়া। এবার সেই ‘AI মানবী’ মন্ত্রীই নাকি অন্তঃসত্ত্বা! এমনটাই ঘোষণা করলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা। তিনি জানিয়েছেন, তাঁর সরকারের ‘AI মানবী’ মন্ত্রী Diella একসঙ্গে ৮৩ সন্তানের মা হতে চলেছেন, যারা মায়ের মতোই সরকারের হয়ে কাজ করবে।
বার্লিনে ‘গ্লোবাল ডায়লগ’-এর মঞ্চ থেকে এদি রামা এই ঘোষণা করেন। তাঁর এই মন্তব্যে উপস্থিত সকলে প্রথমে চমকে গেলেও পরে বোঝা যায় যে তিনি ‘AI সহযোগী’ বা ‘AI অ্যাসিস্ট্যান্ট’-এর কথা বলছেন।
কী কাজ করবে ‘Diella’র সন্তানরা? প্রধানমন্ত্রী এদি রামা জানান, Diella (যার অর্থ সূর্য)-র এই ৮৩টি ‘সন্তান’ তাঁর সোশ্যালিস্ট পার্টির প্রত্যেক জনপ্রতিনিধির সহযোগী হিসেবে কাজ করবে। তিনি ব্যাখ্যা করে বলেন:
“Diella-র সন্তানরা সংসদের সমস্ত ঘটনাবলী রেকর্ড করবে।”
“জনপ্রতিনিধিদের দৈনিক আলোচনা সম্পর্কে অবহিত করবে।”
“সাংসদ অনুপস্থিত থাকলে কী ঘটেছে, সেই তথ্যও জানাবে।”
“এমনকি, কাকে আক্রমণ করতে হবে, তাও বাতলে দেবে।”
এদি রামা জানান, ২০২৬ সাল শেষ হতে হতে Diella-র এই ‘AI শিশুদের’ কাজে নিযুক্ত করা হবে।
প্রসঙ্গত, দুর্নীতি রুখতে এবং সরকারি ব্যবস্থাকে স্বচ্ছ ও কালিমামুক্ত রাখতে গত সেপ্টেম্বর মাসে Diella-কে আলবেনিয়া সরকার দেশের মন্ত্রী নিযুক্ত করে। সরকারি পোর্টালে নাগরিকদের নথিপত্র দিয়ে সাহায্য করার পর এই AI-কে মন্ত্রী ঘোষণা করে চমক দেওয়া হয়। টেন্ডার সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত Diella-ই গ্রহণ করে। এবার তার সন্তান হিসেবে আরও ৮৩টি ‘AI শিশু’ তৈরি করে সরকারে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে আলবেনিয়া।