সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা জোটে কি জুড়তে পারে বাংলাদেশ? রিপোর্ট ঘিরে কৌতূহল তুঙ্গে!

তুরস্কের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি তুরস্কের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ইয়েনি শাফাক’-এর একটি বিশ্লেষণাত্মক রিপোর্টকে কেন্দ্র করে এই চর্চা জোরালো হয়েছে। ওই রিপোর্টে অনুমান করা হয়েছে, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের একটি উদীয়মান প্রতিরক্ষা কাঠামোতে যদি বাংলাদেশ যুক্ত হয়, তবে তা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে। তবে আদৌ বাংলাদেশ এই জোটে যোগ দেবে কি না, তা নিয়ে কোনও সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। ফলে পুরো বিষয়টিই আপাতত জল্পনার স্তরে রয়েছে।

বৈদেশিক নীতিতে বড় বদলের ইঙ্গিত?

ইয়েনি শাফাকের দাবি, ঢাকা যদি এই ধরনের কোনও প্রতিরক্ষা জোটে অংশ নেয়, তবে তা দেশের বৈদেশিক নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। পত্রিকাটির মতে, এর মাধ্যমে বাংলাদেশ ভারতের ওপর দীর্ঘদিনের চিরাচরিত নির্ভরশীলতা কমাতে পারে। একই সঙ্গে চীন ও পশ্চিমা বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি এক নতুন সমীকরণে প্রবেশ করতে পারে। বিশ্লেষকদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপটি অন্য কোনও দেশের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ না হলেও, এটি বাংলাদেশের নিজস্ব কৌশলগত অবস্থান বদলের ইঙ্গিত দেবে।

পাকিস্তান ও তুরস্কের সঙ্গে বাড়ছে প্রতিরক্ষা সহযোগিতা

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, পাকিস্তান ও তুরস্ক বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে যথেষ্ট আগ্রহী। বিশেষ করে তুরস্কের আধুনিক ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তি বাংলাদেশের সামরিক খাতের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে। অতীতেও বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার পরিধি বেড়েছে এবং দুই দেশই এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে উৎসাহ দেখিয়েছে।

ভারতের ওপর এর কী প্রভাব পড়তে পারে?

ইয়েনি শাফাকের বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশ যদি সত্যি এই ধরনের কোনো প্রতিরক্ষা কাঠামোর দিকে ঝুঁকে পড়ে, তবে নয়াদিল্লিকে তার প্রতিবেশী নীতি নিয়ে নতুন করে ভাবতে হতে পারে। এর সরাসরি প্রভাব পড়তে পারে প্রায় ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা, দ্বিপক্ষীয় বাণিজ্য, যৌথ নদীর জলবণ্টন এবং বঙ্গোপসাগর এলাকার ভূকৌশলগত বিষয়ের ওপর। পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা এবং তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তির হাত ধরে বাংলাদেশের সামরিক ক্ষমতা বৃদ্ধি পেলে ভারতের পূর্ব সীমান্তেও নতুন কৌশল নিতে হতে পারে।

তবে মনে রাখা প্রয়োজন, এই পুরো বিষয়টি এখনও কেবলই একটি সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি মাত্র। বাংলাদেশের পক্ষ থেকে এমন কোনো প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।