প্রাইভেট হাসপাতালেই FREE চিকিৎসা, বড় ঘোষণা করলেন বাংলার স্বাস্থ্যমন্ত্রী

সাধারণ মানুষের কাছে বেসরকারি হাসপাতালের আকাশছোঁয়া চিকিৎসার বিল বরাবরই একটি বড় চিন্তার বিষয়। ফলস্বরূপ, রাজ্যের একটা বড় অংশের মানুষের একমাত্র ভরসা সরকারি হাসপাতাল, যেখানে মিল-ছে নিখরচায় চিকিৎসা। তবে সরকারি হাসপাতালের ওপর চাপ কমাতে এবং সাধারণ মানুষকে স্বস্তি দিতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এ বার থেকে বেসরকারি হাসপাতালেও সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাবেন সাধারণ মানুষ। সম্প্রতি এক বিশেষ ঘোষণায় এই কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
বিষয়টি আসলে কী?
বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলিতে, বিশেষ করে কলকাতার বড় মেডিক্যাল কলেজগুলিতে রোগীদের প্রচণ্ড চাপ থাকে। যার জেরে অনেক সময়ই হাসপাতালে প্রয়োজনীয় বেড পাওয়া যায় না। এই সমস্যার স্থায়ী সমাধান করতে চাইছে সরকার। এখন থেকে সরকারি হাসপাতালে বেড না পেয়ে কোনো রোগী সমস্যায় পড়লে, তাঁকে সরকারি ব্যবস্থাপনায় সরাসরি বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। এর জন্য রোগীকে একটি টাকাও খরচ করতে হবে না এবং চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেবে রাজ্য সরকার।
শুরু হয়ে গিয়েছে পরিষেবা
ইতিমধ্যেই কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালের সঙ্গে বেসরকারি মেডিক্যাল কলেজ কেপিসি (KPC)-কে যুক্ত করা হয়েছে। ফলে এসএসকেএম-এ বেড না পেলে রোগীকে প্রয়োজনে কেপিসিতে পাঠানো হবে এবং সেখানে তাঁর নিখরচায় চিকিৎসা হবে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে সরকারের ইতিমধ্যেই তিন থেকে চার দফা বৈঠক হয়েছে এবং প্রায় আড়াই হাজার বেড সংরক্ষণ করা হয়েছে। সফলভাবে মক ড্রিল সম্পন্ন করার পরই এই পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, এই সুবিধা শুধু শহরাঞ্চল নয়, বরং গ্রাম থেকে শহর—সর্বত্রই কার্যকর করা হবে।
কীভাবে মিলবে এই সুবিধার সুযোগ?
পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সহজ ও সুসংগঠিত রাখা হয়েছে:
রোগী ভর্তি: প্রথমে রোগীকে সরকারি হাসপাতালেই নিয়ে যেতে হবে।
বেড প্রাপ্তি না হলে: সেখানে বেড খালি না থাকলে হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি স্বাস্থ্য দফতরের কন্ট্রোল রুমে যোগাযোগ করবে।
বেড বুকিং: কন্ট্রোল রুমের কাছে কোন বেসরকারি হাসপাতালে বেড খালি রয়েছে তার রিয়েল-টাইম ডেটা থাকে, সেই অনুযায়ী তারাই বেড বুক করে দেবে।
বিনামূল্যে যাতায়াত: সরকারি হাসপাতাল থেকে সম্পূর্ণ নিখরচায় অ্যাম্বুলেন্সে করে রোগীকে নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে পৌঁছে দেওয়া হবে।
কোন কোন সরকারি হাসপাতালে মিলবে এই পরিষেবা?
প্রাথমিক পর্যায়ে এসএসকেএম হাসপাতাল এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে। এরপর ধাপে ধাপে কলকাতার আরজি কর, এনআরএস, কলকাতা মেডিক্যাল কলেজ এবং সাগরদত্ত মেডিক্যাল কলেজের মতো গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালগুলিকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। স্বাস্থ্যমন্ত্রীর সাফ কথা, সরকারি হাসপাতালে বেড না পাওয়ার কারণে কোনো মানুষকে যাতে পরিষেবা না পেয়ে ফিরে যেতে না হয়, তা নিশ্চিত করতেই এই বিরাট উদ্যোগ নেওয়া হয়েছে।