সারদা মামলা, সিবিআইয়ের আবেদন খারিজ, সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তিতে ডিজি রাজীব কুমার, বহাল রইল আগাম জামিন

সারদা চিটফান্ড মামলায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে করা সিবিআইয়ের মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে আপাতত কিছুটা স্বস্তি পেলেন রাজীব কুমার। ২০১৯ সালে কলকাতা হাইকোর্টের দেওয়া আগাম জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল।

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই আবেদন খারিজ করে দেওয়ায় রাজীব কুমারের আগাম জামিন বহাল থাকবে। এর আগে, ২০১৯ সালের ১ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি শহিদুল্লাহ মুন্সি এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল।

সিবিআইয়ের অভিযোগ: অফিসারদের হেনস্থা ও রাজনৈতিক প্রভাব

এদিনের শুনানিতে সিবিআইয়ের আইনজীবী তথা কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে কড়া অভিযোগ তোলেন। তিনি বলেন, “সারদা চিটফান্ড তদন্তের সময় সিবিআই এর অফিসারদের হেনস্থা করা হয়েছিল। মহিলা অফিসাররাও হেনস্থার শিকার হন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।”

তিনি আরও বলেন, “আমি আলাদা করে কারও নাম নিচ্ছি না। রাজীব কুমারকে সকলেই বাঁচাতে চাইছে। তাঁকে বাঁচাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী করেছিলেন, তা সকলেরই জানা।”

রাজ্যের পাল্টা: রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা

রাজীব কুমারের পক্ষে সওয়াল করতে গিয়ে রাজ্যের আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই কেন্দ্র এটা করছে। সিবিআই-কে কাজে লাগিয়ে ওরা বিষয়টা নিয়ে রাজনীতি করতে চাইছে।”

কল্যাণ বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলেন, রাজীব কুমারের বিরুদ্ধে আর্থিক তছরুপের কোনও অভিযোগ নেই। তিনি দাবি করেন, এই মামলা যদি আরও আগে আসতো, তাহলে তা আরও আগেই নিষ্পত্তি করে দেওয়া যেত।

অপেক্ষা আদালত অবমাননার মামলার

যদিও রাজীব কুমারের বিরুদ্ধে করা সিবিআইয়ের আগাম জামিনের বিরোধিতা সংক্রান্ত মামলাটি বাতিল হলেও, তাঁর বিরুদ্ধে চলা আদালত অবমাননার মামলাটি এদিন বাতিল করেনি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আট সপ্তাহ (দু’মাস) পর আবারও আদালত অবমাননার মামলার শুনানি হবে। আপাতত, ওই মামলার ওপরই রাজীব কুমারের আগাম জামিনের ভবিষ্যৎ নির্ভর করবে।