শ্রদ্ধা কাপুরের নতুন ছবি ঘিরে বিতর্ক! কিংবদন্তি বিঠাবাঈয়ের পরিবার কেন ক্ষুব্ধ?

মরাঠি লোকসংস্কৃতির কিংবদন্তি শিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের জীবন অবলম্বনে তৈরি হতে চলেছে নতুন বায়োপিক ‘ঈথা’। ‘ম্যাডক ফিল্মস’-এর প্রযোজনায় এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। তবে টিজার প্রকাশ্যে আসতেই ছবির শিরোনাম নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়লেন নির্মাতারা। বিঠাবাঈয়ের পরিবার এবং মহারাষ্ট্রের জাতীয় কংগ্রেস পার্টির পক্ষ থেকে ছবির নাম পরিবর্তনের দাবি তোলা হয়েছে।

কেন এই ক্ষোভ? বিঠাবাঈয়ের ছেলে ও নাতিদের অভিযোগ, যে শিল্পীকে কেন্দ্র করে এই জীবনকাহিনি, তাঁর নামেই ছবির শিরোনাম থাকা উচিত ছিল। তাঁরা মনে করেন, ‘ঈথা’ নামটি বিঠাবাঈয়ের আত্মত্যাগ ও ‘লাবণী’ নৃত্যশৈলীকে জনপ্রিয় করার লড়াইয়ের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করছে না। মহারাষ্ট্রের জাতীয় কংগ্রেস পার্টির চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগও পরিবারটির এই দাবির পাশে দাঁড়িয়েছে। তাদের সাফ কথা—ছবির নাম ‘বিঠা’ বা ‘বিঠাবাঈ’ রাখা হলে তা শিল্পীর প্রতি সঠিক শ্রদ্ধা জানানো হতো।

ছবির টিজার ও শ্রদ্ধার পরিশ্রম বিতর্ক থাকলেও ছবির টিজার দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। বিশেষ করে, টিজারের সেই আবেগঘন দৃশ্য, যেখানে প্রসববেদনা উপেক্ষা করে বিঠাবাঈ মঞ্চে নাচ পরিবেশন করছেন, তা দর্শকদের মন কেড়েছে। শোনা যাচ্ছে, বাস্তব জীবনেও ঠিক এমনটাই ঘটেছিল। এই চরিত্রে নিজেকে তৈরি করতে শ্রদ্ধা কাপুরকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। শুটিং চলাকালীন একাধিকবার আঘাত পাওয়া সত্ত্বেও তাঁর নিষ্ঠা দেখে মুগ্ধ সিনে বিশেষজ্ঞরা।

ছবিতে আর কারা? শ্রদ্ধা কাপুর ছাড়াও এই ছবিতে রণদীপ হুডা ও মহম্মদ জিশান আয়ুবের মতো শক্তিশালী অভিনেতাদের দেখা যাবে। ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর ম্যাডক ফিল্মস ও শ্রদ্ধার এই জুটি নিয়ে ভক্তদের প্রত্যাশা অনেক। আগামী ২৮ আগস্ট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

এখন দেখার বিষয়, নাম নিয়ে এই বিতর্কের জেরে শেষ পর্যন্ত নির্মাতারা কোনো পদক্ষেপ নেন কি না, নাকি এই শিরোনামেই ছবি মুক্তি পায়।