শ্যামপুকুরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন! ‘বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে’ স্বামীকে গ্রেফতার, নিজেই করলেন আত্মসমর্পণ

উত্তর কলকাতার শ্যামপুকুরে গৃহবধূ পূজা পুরকায়েতকে (Puja Purakayet) শ্বাসরোধ করে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামী সুমিত পুরকায়েতের বিরুদ্ধে। হত্যার পর নাটকীয়ভাবে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত স্বামী। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার গৃহবধূ পূজাকে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁর শরীরে আঁচড়ের দাগ দেখতে পান এবং সন্দেহজনক অস্বাভাবিক মৃত্যু বলে মনে হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়।
ময়নাতদন্তে ফাঁস হলো খুনের রহস্য
হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে এবং গৃহবধূর শ্বশুরবাড়িতে গিয়ে তাঁর স্বামীর হাতে লেখা একটি নোট উদ্ধার করে। প্রথমে এটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলেও, ময়নাতদন্তের রিপোর্টেই খুনের রহস্য ফাঁস হয়। রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয় যে, পূজা পুরকায়েতকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
এই রিপোর্টের পরেই পুলিশের সন্দেহ জোরালো হয়। এরই মধ্যে রবিবার রাতে গৃহবধূর স্বামী সুমিত পুরকায়েত শ্যামপুকুর থানায় এসে আত্মসমর্পণ করেন। পুলিশ জানিয়েছে, জেরায় অভিযুক্ত সুমিত পুরকায়েত তাঁর স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন।
পুলিশ সূত্রে খবর, স্ত্রী পূজা পুরকায়েতের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে— এমন সন্দেহের বশেই স্বামী সুমিত তাঁকে নৃশংসভাবে খুন করেন।
বর্তমানে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। পারিবারিক অশান্তি এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে এমন বর্বরোচিত খুনের ঘটনায় এলাকার মানুষ হতবাক।