শৈত্যপ্রবাহে জবুথুবু জেলা, ১০-এর নিচে কলকাতার পারদ! কুয়াশার চাদরে ঢাকা পড়বে কোন কোন জেলা?

প্রবল শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ। একদিকে লাদাখের দ্রাসে পারদ নেমে গিয়েছে মাইনাস ২২.৮ ডিগ্রি সেলসিয়াসে, অন্যদিকে দক্ষিণবঙ্গে শীতের দাপট অব্যাহত থাকলেও পারদ পতনে কিছুটা রাশ টানা হয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৭ ডিগ্রি কম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হাড়কাঁপানো ঠান্ডার এই ছবি বজায় থাকবে।
বীরভূম ও পূর্ব বর্ধমান জেলাতে বর্তমানে ‘শীতল দিন’ বা কোল্ড ডে এবং শৈত্যপ্রবাহের চরম পরিস্থিতি চলছে। এর পাশাপাশি হুগলি, দুই ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়াতেও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় কনকনে ঠান্ডার অনুভূতি কমছে না। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে বাঁকুড়া ও পুরুলিয়ায় দিনের বেলায় রোদ ওঠায় সামান্য স্বস্তি মিললেও রাতের দিকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই। আগামী ৩ দিন পর রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।