অবসরের পর কপালে চিন্তার দিন শেষ! কোটি কোটি কর্মীর জন্য ধামাকা সুখবর নিয়ে আসছে কেন্দ্র

আগামী ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে দেশের লক্ষ লক্ষ চাকরিজীবীদের জন্য আসতে পারে জীবনের বড় সুখবর। সূত্রের খবর, এমপ্লয়িজ পেনশন স্কিম বা ইপিএস (EPS)-এর আওতায় বেতন ও পেনশনের ঊর্ধ্বসীমায় আমূল পরিবর্তনের পরিকল্পনা করছে মোদী সরকার। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের এই পদক্ষেপের ফলে সরাসরি উপকৃত হবেন বেসরকারি ও সংগঠিত ক্ষেত্রের কোটি কোটি কর্মী।

বর্তমানে নিয়ম অনুযায়ী, মাসিক বেসিক বেতন ১৫ হাজার টাকা পর্যন্ত হলেই বাধ্যতামূলকভাবে এই পেনশন প্রকল্পের সুবিধা পাওয়া যায়। নতুন প্রস্তাবে এই সীমা বাড়িয়ে ২৫ হাজার টাকা করার সম্ভাবনা রয়েছে। এর অর্থ হলো, বেতন বাড়লেও আরও বেশি সংখ্যক কর্মী এবার সরকারি পেনশনের সুরক্ষায় যুক্ত হতে পারবেন। পাশাপাশি, বর্তমানে ন্যূনতম মাসিক পেনশন মাত্র ১ হাজার টাকা, যা বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন কর্মীরা। এবারের বাজেটে সেই ন্যূনতম পেনশনের অঙ্কটিও একধাক্কায় অনেকটা বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। সাধারণত ১০ বছর নিরবচ্ছিন্ন চাকরি এবং ৫৮ বছর বয়স হলে এই পেনশনের সুবিধা পাওয়া যায়। মধ্যবিত্তের সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করতে কেন্দ্রের এই সম্ভাব্য ঘোষণা বড়সড় মাইলফলক হতে চলেছে।