শামিকে বাদ দেওয়ার কারণ জানালেন শুবমান গিল, ‘ওদের পারফরম্যান্স উপেক্ষা করতে পারি না’

শুক্রবার ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। যদিও বাংলার ঘরের ছেলে মহম্মদ শামি এই সিরিজে জাতীয় দলের বাইরেই থাকছেন। ঘরের মাঠে খেলার সুযোগ না পাওয়ায় শামি-ভক্তরা হতাশ হলেও, বৃহস্পতিবার এই বিষয়ে মুখ খুলেছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক শুবমান গিল।

শামিকে বাদ দেওয়ার ‘আসল’ কারণ

শামির মতো দক্ষ বোলারকে বাদ দেওয়ার কারণ প্রসঙ্গে গিল বলেন, “শামি ভাইয়ের মতো দক্ষ বোলার খুব বেশি নেই। কিন্তু আমরা আকাশ দীপ, প্রসিদ্ধর (কৃষ্ণ)-এর মতো খেলোয়াড়দের পারফরম্যান্স উপেক্ষা করতে পারি না। বুমরা, সিরাজও ভালো পারফরম্যান্স দেখাচ্ছে। আমরা পরবর্তী টেস্ট সিরিজ কোথায় খেলব, সেদিকেও আমাদের নজর রয়েছে। নির্বাচকরাই ভালো জবাব দিতে পারবেন।” গিলের এই মন্তব্য স্পষ্ট করে দিচ্ছে যে, দুর্দান্ত ফর্মে থাকা তরুণ পেসারদের সুযোগ দেওয়ার জন্যই শামি আপাতত জাতীয় দলের বাইরে।

ফিটনেস বিতর্ক নিয়ে নীরব শুবমান

বিসিসিআই সূত্রে খবর, শামি নিজেকে ফিট দাবি করলেও, নির্বাচকরা তাঁর ফিটনেস রুটিন এবং রিহ্যাব ঠিকমতো না করার বিষয়ে বিরক্ত। এই কারণেই তাঁকে দলে নেওয়া হচ্ছে না বলে জল্পনা। তবে শুবমান তাঁর সতীর্থের প্রশংসা করলেও ফিটনেস বিতর্ক নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। তিনি নির্বাচকদের উপরই সমস্ত সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন। অধিনায়ক হিসেবে তিনি শামিকে দলে নেওয়ার জন্য দাবি জানাবেন কি না, সেই প্রশ্নও এড়িয়ে যান গিল।

চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ

ইডেন টেস্টের আগে শুবমান গিল স্বীকার করেছেন যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে লড়াই কঠিন হবে। কিন্তু এই চ্যালেঞ্জ নিতে ভারত প্রস্তুত। গিল বলেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে এই দুটি টেস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা খুব ভালো দল, ওরা চ্যাম্পিয়ন। পিচ ভালো। ভারতের উইকেট যেমন হয়, তেমনই হয়েছে।”