শপথের আগেই রণক্ষেত্র নন্দীগ্রাম? শুভেন্দুর জয়ের আবহে উদ্ধার বালতি ভর্তি তাজা বোমা!

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে যখন গোটা বাংলায় উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই তাঁর নিজের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল। শনিবার সকালে নন্দীগ্রামের তেখালি ব্রিজ সংলগ্ন খেজুরির সেরখান চকে ঝোপের মধ্যে দুটি বালতি ভর্তি তাজা বোমা দেখতে পাওয়া যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন সকালে এক ব্যক্তি গরু চরাতে গিয়ে ঝোপের মধ্যে সন্দেহভাজন বালতি দুটি পড়ে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এবং এলাকায় আতঙ্ক তৈরি হয়।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় খেজুরি থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকাটি ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি করার চেষ্টা চলছিল। এই বোমা উদ্ধারের ঘটনায় সরাসরি শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর বিজেপি নেতা-কর্মীদের ওপর হামলা চালানোর লক্ষ্যেই এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল।

বিজেপির পক্ষ থেকে স্থানীয় তৃণমূল নেতা গৌরীশঙ্কর দাসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, গৌরীশঙ্কর দাসের নির্দেশেই এলাকায় বোমা ও আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছে যাতে নতুন সরকার গঠনের আগেই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বোমাগুলো উদ্ধারের পর সেগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শুভেন্দু অধিকারীর শপথের ঠিক আগে এই বোমাতঙ্ক নিছক ঘটনা নাকি কোনো গভীর ষড়যন্ত্র, তা খতিয়ে দেখছে প্রশাসন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy