রেলে মোদী-বিপ্লব! বারাণসী থেকে একসঙ্গে ৪ বন্দে ভারত উপহার, দেশের দ্রুত গতির ট্রেন সংখ্যা ১৬০ পার

ভারতীয় রেলে আধুনিকতার এক নতুন ছোঁয়া লাগল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নির্বাচনী এলাকা বারাণসী থেকে একযোগে চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন। দেশের দ্রুত গতির রেল ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই এই ঐতিহাসিক পদক্ষেপের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী এই চারটি নতুন ট্রেনের সংযুক্তিকরণকে ভারতীয় রেলওয়ের ‘নতুন প্রজন্মের’ প্রতিনিধিত্ব বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এই চারটি নতুন বন্দে ভারত এবং নমো ভারত ট্রেন ভারতীয় রেলওয়ের নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছে। আমি কাশী এবং গোটা দেশবাসীকে এই ঐতিহাসিক মুহূর্তের জন্য অভিনন্দন জানাই।”

এই নতুন ট্রেনগুলির সংযুক্তির ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে এবং যাত্রীদের ভ্রমণের সময়ও উল্লেখযোগ্যভাবে কমবে। বন্দে ভারত ট্রেনগুলি তাদের উচ্চগতি, আধুনিক পরিষেবা এবং আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতার জন্য ইতিমধ্যেই দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে। প্রধানমন্ত্রী আরও জানান, “এগুলো কেবল দ্রুতগামীই নয়, বরং আধুনিক প্রযুক্তি এবং আরামের এক চমৎকার সংমিশ্রণও বটে।”

এই চারটি নতুন ট্রেন চালু হওয়ার পর দেশে বন্দে ভারত এক্সপ্রেসের মোট সংখ্যা ১৬০টিরও বেশি হল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রীর সফরের আগে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন।

নতুন এই চারটি ট্রেন চালু হচ্ছে নিম্নলিখিত রুটগুলিতে:

বারাণসী–খাজুরাহো: (বারাণসী, চিত্রকূট, খাজুরাহোর মতো ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানগুলিকে সরাসরি যুক্ত করবে। প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট সময় বাঁচবে)

লখনউ–সাহারানপুর: (প্রায় ১ ঘণ্টা সময় সাশ্রয় হবে)

ফিরোজপুর–দিল্লি: (এই রুটের দ্রুততম ট্রেন, মাত্র ৬ ঘণ্টা ৪০ মিনিট)

এরনাকুলম–বেঙ্গালুরু: (দক্ষিণ ভারতের আইটি ও বাণিজ্যিক কেন্দ্রগুলিকে যুক্ত করবে)