এয়ার ফ্রায়ারে রান্না মানেই কি স্বাস্থ্যকর? জেনে নিন ডিপ ফ্রাইয়ের চেয়ে কতটা কার্যকর!

রান্নাঘরের নতুন ট্রেন্ড ‘এয়ার ফ্রায়ার’ এখন অনেকেরই পছন্দের। কম তেলে মুচমুচে খাবার তৈরির কারণে এটি ডিপ ফ্রাইয়ের স্বাস্থ্যকর বিকল্প হিসেবে পরিচিত। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এয়ার ফ্রায়ারের স্বাস্থ্যগত প্রভাব সরাসরি নির্ভর করে আপনি কী রান্না করছেন তার ওপর।
এয়ার ফ্রায়ার মূলত গরম বাতাস সঞ্চালনের মাধ্যমে খাবারকে মুচমুচে করে তোলে। এতে ঐতিহ্যবাহী ডুবো তেলের ভাজার তুলনায় তেলের ব্যবহার অনেক কম হয়, যা ক্যালোরি এবং চর্বি কমাতে সাহায্য করে। যারা ভাজাভুজি পছন্দ করেন, তাদের জন্য এটি অবশ্যই একটি ভালো বিকল্প। এর প্রধান সুবিধা হলো—রান্নায় চর্বির পরিমাণ কমানো, দ্রুত ও পরিষ্কার পদ্ধতিতে খাবার তৈরি এবং অত্যধিক তেল ব্যবহারের প্রবণতা কমানো।
তবে এয়ার ফ্রায়ার সব খাবারকেই স্বাস্থ্যকর করে তুলতে পারে না। ধরুন, আপনি হিমায়িত নাগেটস, প্রক্রিয়াজাত ফ্রাই বা প্যাকেটজাত খাবার এয়ার ফ্রায়ারে রান্না করছেন; এতে রান্নার পদ্ধতি যাই হোক, খাবারের পুষ্টিগুণ কিন্তু সেই প্রক্রিয়াজাত খাবারের মতোই থাকছে। এতে সোডিয়াম, প্রিজারভেটিভ এবং ক্ষতিকর চর্বি অপরিবর্তিত থাকে। সুতরাং, এয়ার ফ্রায়ার ডিপ ফ্রাইয়ের তুলনায় ক্যালোরি কমাতে সাহায্য করলেও, অস্বাস্থ্যকর খাবারকে জাদুর মতো পুষ্টিকর খাবারে রূপান্তরিত করতে পারে না। সামগ্রিক স্বাস্থ্যের জন্য আপনার খাবারের উপাদানের ওপর নজর দেওয়া সবচেয়ে জরুরি।