লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিপদ বাড়ছে। তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিয়ে বিজেপি নেতার করা এক মামলার পরিপ্রেক্ষিতে এবার সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর কাছে জবাব তলব করল এলাহাবাদ হাইকোর্ট। বিজেপি নেতা এস. বিঘ্নেশ শিশিরের আবেদনের ভিত্তিতে সিবিআই (CBI), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবং এসএফআইও (SFIO)-র মতো সংস্থাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে আবেদনকারী অভিযোগ তুলেছেন যে, রাহুল গান্ধীর ঘোষিত আয়ের উৎসের তুলনায় তাঁর অর্জিত সম্পদের পরিমাণ অস্বাভাবিক বেশি। এই অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছে। বিচারপতিরা কেন্দ্রীয় সংস্থাগুলোকে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য ৮ সপ্তাহ সময় দিয়েছেন। আগামী ২০ জুলাই এই চাঞ্চল্যকর মামলার পরবর্তী শুনানি হবে।
অন্যদিকে, দিল্লিতে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। এক সাংবাদিক সম্মেলনে তিনি রাহুলের বিদেশ সফর নিয়ে বিস্ফোরক তথ্য পেশ করেন। সম্বিত পাত্র দাবি করেন, “গত ১১ বছরে রাহুল গান্ধীর মোট আয় যেখানে ১১ কোটি টাকা, সেখানে তাঁর বিদেশ ভ্রমণের খরচ দাঁড়িয়েছে প্রায় ৬৪ কোটি টাকা।” এই বিপুল অর্থের উৎস কী, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই মামলা ও রাজনৈতিক তরজায় লোকসভা নির্বাচনের আবহে জাতীয় রাজনীতি যে উত্তাল হতে চলেছে, তা বলাই বাহুল্য।





