সংসদের অন্দরেও ঝড় তুলেছে রহস্যময় শব্দ ‘Vasteguna Huiya’! জানেন কী অর্থ এর?

গত কয়েক দিন ধরে ইনস্টাগ্রাম, এক্স (প্রাক্তন টুইটার) কিংবা ফেসবুকের ফিড খুললেই যে শব্দবন্ধটি সবথেকে বেশি চোখে পড়ছে, তা হলো ‘Vasteguna Huiya’। প্রতিবাদের মিছিল, মজার মিম, রিল, কমেন্ট সেকশন পেরিয়ে এই অদ্ভুত বাক্য এখন সোজা পৌঁছে গিয়েছে দেশের সংসদের অন্দরেও। কিন্তু প্রশ্ন হলো, এর আসল অর্থ কী?

সবচেয়ে মজার বিষয় হলো, এই শব্দবন্ধটির আভিধানিক কোনো নির্দিষ্ট অর্থই নেই। আর অর্থহীনতাই বর্তমান প্রজন্মের কাছে এর জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ হয়ে উঠেছে।

কোথা থেকে এল এই ট্রেন্ড?

সোশ্যাল মিডিয়ায় প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ককরোচ জনতা পার্টি (CJP)-র আন্দোলনের সময় তরুণ-তরুণীরা কথাবার্তার ফাঁকে, পুলিশের সামনে কিংবা স্লোগানের মাঝেই বারবার ‘Vasteguna Huiya’ বলতে শুরু করেন। অত্যন্ত অল্প সময়ের মধ্যেই এটি রিল, শর্ট ভিডিও এবং মিমের একটি অন্যতম জনপ্রিয় টপিকে পরিণত হয়।

ইন্টারনেট সংস্কৃতির বিশেষজ্ঞদের মতে, অতীতে যেমন ‘Bruh’ বা ‘Skibidi’-র মতো শব্দগুলোর নির্দিষ্ট কোনো অর্থ না থাকলেও এগুলো অনলাইন রসিকতার অংশ হয়ে উঠেছিল, ‘Vasteguna Huiya’-ও ঠিক তেমনই এক অভিব্যক্তি। এর প্রধান আকর্ষণ এর আকর্ষণীয় উচ্চারণ এবং ব্যবহারের ভঙ্গিমায়।

২০১৫ সালের ভাইরাল ভিডিওর যোগ?

অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর দাবি, এই ট্রেন্ডের শিকড় রয়েছে ২০১৫ সালের একটি পুরনো ভাইরাল Vine ভিডিওতে। সেখানে এক কিশোর সিঁড়ির উপর থেকে চিৎকার করে বলেছিল, ‘Can I get a Hoiya?’ এবং নীচে দাঁড়ানো অন্য এক ব্যক্তি তার উত্তরে বলেছিল, ‘Oh Yeah!’ পরবর্তী সময়ে টিকটক ও ইনস্টাগ্রামে সেই অডিও নতুন করে ভাইরাল হয়। ভারতীয় কন্টেন্ট নির্মাতারা সেটিকে নিজেদের মতো করে রি-ক্রিয়েট করতে করতে ধীরে ধীরে ‘Can I get a Hoiya?’-কে বদলে ফেলেন ‘Vasteguna Huiya’-তে।

লোকসভাতেও গুঞ্জন

সোশ্যাল মিডিয়ার গণ্ডি পেরিয়ে এই ভাইরাল বাক্য এবার জায়গা করে নিয়েছে দেশের লোকসভাতেও। পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল তথা প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনার সময় কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা জেন জি প্রজন্মের ভাষা ও যোগাযোগের ধরন ব্যাখ্যা করতে গিয়ে এই ‘Vasteguna Huiya’-র উল্লেখ করেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক এবং সামাজিক মহলে চর্চা আরও বহুগুণ বেড়ে গিয়েছে।

এখন কীভাবে ব্যবহার হচ্ছে?

বর্তমানে বন্ধুদের শুভেচ্ছা জানানো, কথার মাঝে রসিকতা করতে কিংবা ইনস্টাগ্রাম রিল ও মিমের ক্যাপশন হিসেবে দেদার ব্যবহার করা হচ্ছে ‘Vasteguna Huiya’। এর সুনির্দিষ্ট কোনো অভিধানগত অর্থ না থাকলেও, এই শব্দবন্ধ ব্যবহার করার অর্থ হলো ব্যবহারকারী বর্তমানের ভাইরাল ইন্টারনেট ট্রেন্ডের সঙ্গে সম্পূর্ণ আপডেট রয়েছেন। জেন জি-র ভাষায়, এই ট্রেন্ডের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরাই এখন সোশ্যাল মিডিয়ার মূল আকর্ষণ বা ‘Baddie’।