মেসি-শাহরুখের করমর্দন! লেকটাউনে ফুটবল কিংবদন্তীর সঙ্গে কিং খানের একান্ত সাক্ষাৎ, কী কথা হলো দুই সুপারস্টারের?

১৩ ডিসেম্বর লিওনেল মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর প্রথম দিনটি ছিল কলকাতা সফরের একাধিক কর্মসূচিতে ঠাসা। এর ফাঁকেই আর্জেন্টিনার এই ফুটবল তারকার সঙ্গে দেখা করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
১২ ডিসেম্বর মধ্যরাতে প্রাইভেট জেটে কলকাতায় আসেন লিওনেল মেসি। এর কিছুক্ষণের মধ্যেই ছোট ছেলে আব্রামকে নিয়ে শহরে পা রাখেন শাহরুখ খানও।
মেসির সঙ্গে শাহরুখের একান্ত সাক্ষাৎ
শনিবার সকালে লেকটাউনে লিওনেল মেসির ৭০ ফুট উঁচু মূর্তির উদ্বোধন হয়। এই ফুটবল তারকা সশরীরে অনুষ্ঠানে উপস্থিত না হলেও, তিনি যে হোটেলে ছিলেন, সেখান থেকেই ভার্চুয়ালি মূর্তির উদ্বোধন করেন। পাশে ছিলেন মন্ত্রী সুজিত বসু।
ঠিক সেই সময়েই শাহরুখ খান তাঁর ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে এসে মেসির সঙ্গে দেখা করেন। কিং খান করমর্দন করেন এবং দুজনে হেসে হেসে বেশ কিছুক্ষণ কথাও বলেন। এই সময়ে শাহরুখ মন্ত্রী সুজিত বসুর সঙ্গেও করমর্দন করেন। মেসি যেখানে কালো টি-শার্ট পরেছিলেন, সেখানে শাহরুখ এবং আব্রাম দুজনেই এসেছিলেন সাদা টি-শার্টে।
যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, অনুষ্ঠান স্থগিত
তবে সকালে যুবভারতী স্টেডিয়ামে চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। জনসমুদ্র তৈরি হলেও, মেসি মাঠে ঢোকার মিনিট ১৫-২০’র মধ্যেই চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। লিওকে দেখতে না পেয়ে দর্শকাশন থেকে উত্তেজিত ও ক্ষিপ্ত জনতা মাঠে জলের বোতল এবং চেয়ার ছুঁড়তে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বাধ্য হয়ে মেসিকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
অতিরিক্ত ক্ষোভে অনুষ্ঠানের জন্য তৈরি করা শামিয়ানায় আগুনও ধরিয়ে দেওয়া হয়, তবে ধোঁয়া দেখেই তৎপরতার সঙ্গে তা নিভিয়ে দেওয়া হয়। এমনকি স্টেডিয়ামের বাইরে সাংবাদিকদের ওপরেও আক্রমণ করা হয়, আক্রমণের মুখে পড়েন চিত্র সাংবাদিকরা।
এই বিশৃঙ্খলার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বদের আসার কথা থাকলেও তাঁরা শেষ পর্যন্ত আসেননি। ফিরে যান অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। ক্ষুব্ধ দর্শকরা মাঠের বাইরে এসে টিকিটের দাম রিফান্ড চেয়ে ক্ষোভ দেখাতে থাকেন।
অনুষ্ঠানের প্রথম পর্বের চিত্র
এদিন সকালে ৯টা থেকেই গান-বাজনা দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়েছিল। সঙ্গীত পরিবেশন করেন অনিক ধর। বলিউডের জনপ্রিয় গানের পাশাপাশি মেসিকে নিয়েও বিশেষ গান গাওয়া হয়। আর্জেন্টিনার ট্যাঙ্গো এবং রবীন্দ্রনৃত্য মিলিয়ে এক নৃত্য পরিবেশন করা হয়েছিল, যা মেসির পা যুবভারতীতে পড়ার আগেই এক ম্যাজিক্যাল মুহূর্ত তৈরি করেছিল। অনুষ্ঠান শুরু হয় সকাল ১০.১৫ মিনিটে, চলে প্রায় ১০.৪৫ পর্যন্ত। কিন্তু এর পরই পরিস্থিতি পাল্টে যায়।