গুগল ট্রান্সলেশনে যুগান্তকারী ফিচার! এবার সরাসরি হেডফোনে শুনুন রিয়েল টাইম অনুবাদ, কথা বলা হবে আরও সহজ

কমিউনিকেশন ব্যবস্থাকে আরও সহজ করতে Google তাদের ট্রান্সলেশন অ্যাপে একটি গুরুত্বপূর্ণ ফিচার লঞ্চ করেছে। এখন থেকে ব্যবহারকারীরা কোনো অনুবাদ শুধু পড়তে নয়, সরাসরি হেডফোনের মাধ্যমে রিয়েল টাইমে শুনতেও পারবেন। অর্থাৎ, কোনো ব্যক্তির কথোপকথন এখন মুহূর্তের মধ্যে অন্য ভাষায় শোনা সম্ভব হবে। ইতিমধ্যে এই ফিচারটির বিটা ভার্সন চালু করা হয়েছে।

Alphabet-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফিচারের মূল লক্ষ্য হলো যোগাযোগ ব্যবস্থাকে আরও সরল করা। এর ফলে ব্যবহারকারীরা কোনো ব্যক্তির সঙ্গে কথা বলার সময় সেই কথোপকথনের অনুবাদ সরাসরি শুনতে পারবেন এবং দ্রুত জবাব দেওয়া সম্ভব হবে।

ফিচারটি ব্যবহারের পদ্ধতি

এই নতুন ফিচারটি ব্যবহার করার জন্য প্রথমে Google Translation App চালু করতে হবে। সেখান থেকে ‘Live Translation’ মোডটি অন করতে হবে। এরপর ‘টার্গেট ল্যাঙ্গুয়েজ’ বা যে ভাষায় অনুবাদ শুনতে চান, সেটি সিলেক্ট করতে হবে। এই পুরো প্রক্রিয়ার জন্য একটি হেডফোন প্রয়োজন।

গুগল জানিয়েছে, যখন কোনো ব্যক্তি কথা বলছেন—Google Translator সেই ব্যক্তির কথা বলার টোন, বিরতি এবং ছন্দ বুঝে সেই অনুসারেই টার্গেট ল্যাঙ্গুয়েজে আউটপুট দেবে। চলিত ভাষার ব্যবহারের ওপর জোর দেওয়ায় অনুবাদ হবে আরও স্বাভাবিক। এই ফিচারটি দৈনন্দিন কথোপকথনের পাশাপাশি টিভিতে অনুষ্ঠান দেখার সময় বা ভ্রমণের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে।

সুযোগ পাচ্ছেন কারা?

বর্তমানে এই ফিচারটির বিটা ভার্সনটি Android ডিভাইসে উপলব্ধ রয়েছে। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং ভারতের ব্যবহারকারীরাই এই সুবিধা পাচ্ছেন। এই নতুন ফিচারে ৭০টিরও বেশি ভাষায় অনুবাদের সুবিধা রয়েছে। গুগলের পরিকল্পনা রয়েছে, আগামী দিনে আরও অন্যান্য দেশে এই ফিচার চালু করার। পাশাপাশি, ২০২৬ সালের মধ্যে iOS ডিভাইসেও যাতে এই ফিচার ব্যবহার করা যায়, তার জন্য কাজ চলছে।