মুম্বইতে টিকিটের দাম প্রায় দ্বিগুণ! মেসি ট্যুরে আসছেন সুয়ারেজ-ডি পলও, কখন কলকাতায় নামছেন ‘এলএম১০’?

বিশ্ব ফুটবলের কিংবদন্তি তারকা লিওনেল মেসি (LM10) তিন দিনের ‘গোট ট্যুর’ মেগা ইভেন্টে অংশ নিতে ভারতে আসছেন। আগামী ১৩, ১৪ এবং ১৫ ডিসেম্বর শহরের চারটি প্রধান শহরে এই জমকালো অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। এটি মেসির দ্বিতীয় ভারত সফর। এর আগে ২০১১ সালে তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ভারতে এসেছিলেন।
ঠাসা সূচি:
মেসির ভারত সফর কার্যত ঠাসা সূচিতে ভরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে তাঁর দেখা করার কথা রয়েছে। বার্সেলোনা এবং ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ কিংবদন্তি স্ট্রাইকার লুই সুয়ারেজ এবং ফিফা বিশ্বকাপজয়ী রদ্রিগো ডি পলও ‘গোট ট্যুর’-এর অংশ হিসেবে ভারতে আসছেন, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ।
মেসি মায়ামি থেকে লম্বা বিমান যাত্রা করে দুবাইতে একটি সংক্ষিপ্ত বিরতি নেবেন এবং তারপর রাত ১:৩০ মিনিটে কলকাতায় পৌঁছবেন।
কলকাতা (১৩ ডিসেম্বর): কলকাতায় সকাল ৯:৩০ মিনিট থেকে মেসির অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হবে। সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচসহ একাধিক অনুষ্ঠানের পর তিনি সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন।
হায়দ্রাবাদ: এরপর দুপুর ২টোয় মেসি হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে তিনি একটি ৭ বনাম ৭ ফুটবল ম্যাচে অংশ নেবেন। সন্ধ্যায় তাঁর সম্মানে একটি সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
মুম্বই: হায়দ্রাবাদের পর মেসি যাবেন মুম্বইতে। সেখানে তিনি দাতব্য কাজের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে একটি ফ্যাশন শো-তে অংশ নেবেন। লুই সুয়ারেজের উপস্থাপনায় একটি স্প্যানিশ মিউজিক শো-ও মুম্বই ট্যুরের অন্যতম আকর্ষণ।
দিল্লী: ‘গোট ট্যুর’ দিল্লীতে শেষ হবে। সেখানে মেসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন এবং অরুণ জেটলি স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নেবেন।
এই মেগা ইভেন্টের টিকিটের বিক্রি হয়েছে অত্যন্ত দ্রুত গতিতে। বেশিরভাগ শহরে টিকিটের দাম ৪,৫০০ টাকা থেকে শুরু হলেও, মুম্বই ট্যুরের টিকিটের দাম প্রায় দ্বিগুণ (₹৮,২৫০ টাকা থেকে শুরু)।