গোবিন্দার জীবনে ‘অন্য নারী’র আনাগোনা! বিবাহিত জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেললেন সুনীতা

নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘Lock Upp: Sach Ya Saza’-র প্রিমিয়ারে এসে সবাইকে অবাক করে দিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা। শো-এর মঞ্চে নিজের বিবাহিত জীবন ও গোবিন্দার অতীত সম্পর্কের বিষয়ে এমন কিছু মন্তব্য তিনি করেছেন, যা নিমেষেই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
শো-এর হোস্ট ফারাহ খান যখন সুনীতাকে তাঁর পুরনো একটি বিতর্কিত মন্তব্য—”আমি গোবিন্দার মতো ছেলে চাই, স্বামী হিসেবে নয়”—সম্পর্কে প্রশ্ন করেন, তখন সুনীতা এক মুহূর্তের জন্যও দ্বিধা করেননি। তিনি অকপটে স্বীকার করেন যে, গোবিন্দার জীবনে একাধিক নারীর উপস্থিতি ছিল এবং একজন স্ত্রী হিসেবে তাঁকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। সুনীতার কথায়, “চিচি (গোবিন্দার ডাকনাম)-র জীবনে বহু অ্যাফেয়ার ছিল। গ্ল্যামার দুনিয়ায় হিরো-হিরোইনদের জীবনে এসব তো স্বাভাবিক। আমি দীর্ঘদিন ওর পাশে থেকেছি, তাই আমার মনে হয়, ওর মতো একটা ছেলে আমি ডিজার্ভ করি।”
সবচেয়ে অবাক করা বিষয়টি ছিল গোবিন্দার পায়ে গুলি লাগার দুর্ঘটনা নিয়ে তাঁর মন্তব্য। সুনীতা রসিকতার ছলে বলেন, “শুনছ চিচি, তাহলে ভালো করে শুনে নাও—হাঁটুতে গুলি তখনই লাগে, যখন জীবনে অন্য কেউ চলে আসে। আমি তখনও মিথ্যে বলিনি। আমি তো তখন মুম্বাইতেও ছিলাম না, ছিলাম খাটু শ্যামে। আর আমার নিশানা কখনও ভুল হয় না।” এই মন্তব্যের পর থেকেই নেটিজেনদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে।
ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ সুনীতার এই সাহসিকতা ও স্পষ্টবাদিতার প্রশংসা করেছেন, আবার কেউ কেউ গোবিন্দার ব্যক্তিগত জীবন নিয়ে জনসমক্ষে এমন কৌতুক করাকে অশোভন বলে সমালোচনা করেছেন। গোবিন্দার ভক্তদের একাংশ মনে করছেন, এই ধরনের মন্তব্য অভিনেতার ভাবমূর্তিকে খাটো করছে।
উল্লেখ্য, ১৯৮৭ সালে গোবিন্দা ও সুনীতা আহুজা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ক্যারিয়ারের শুরুর দিকে প্রায় দু’বছর তাঁরা এই বিয়ের খবরটি গোপন রেখেছিলেন। পরবর্তীতে টিনা আহুজার জন্মের পর তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গোবিন্দার দীর্ঘ ফিল্মি ক্যারিয়ারে নামজাদা অনেক অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে, যার মধ্যে নীলম কোঠারির নাম সবচেয়ে বেশি আলোচিত। যদিও সুনীতা আহুজা বরাবরই সেসব গুঞ্জনকে উপেক্ষা করে সংসারের হাল ধরে রেখেছেন, তবে এই রিয়্যালিটি শো-এর মঞ্চে তাঁর এই অকপট স্বীকারোক্তি প্রমাণ করল যে, পর্দার পেছনের দাম্পত্য জীবন খুব একটা মসৃণ ছিল না।