মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখার করার জেদ, ‘জয় শ্রীরাম’ বলে ঝাঁপ দিলেন যুবক

আত্মহত্যার প্রচেষ্টাকে ঘিরে শুক্রবার দিনভর চরম উত্তেজনা ছড়াল বর্ধমান রেল ওভারব্রিজ এলাকায়। একই দিনে পরপর দুটি ঘটনার সাক্ষী থাকল শহরবাসী। প্রশাসনের সময়োচিত ও তৎপর পদক্ষেপে বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

যুবকের দীর্ঘ নাটকীয়তা শুক্রবার সকালে বর্ধমান রেল ওভারব্রিজের তারজালি টপকে কার্নিশে বসে পড়েন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা মিঠুন মল্লিক। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করলেও, বিকেলে তিনি আবারও একই জায়গায় উঠে পড়েন। পরিস্থিতি গুরুতর দেখে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দপ্তর ও দমকল বাহিনী। কোনো বড় দুর্ঘটনা এড়াতে রেলের ওভারহেডের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইন সাময়িকভাবে বন্ধ (পাওয়ার ব্লক) করা হয়। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী তাঁকে ধরার চেষ্টা করতেই যুবক ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে ওভারহেড তারের দিকে ঝাঁপ দেন। তবে আগে থেকেই নীচে দমকলের জাল পাতা থাকায় যুবক সরাসরি তাতে এসে পড়েন। পুলিশ তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, যুবক মানসিকভাবে সুস্থ নন।

মহিলার আত্মহত্যার চেষ্টা একই বিকেলে ওভারব্রিজের অন্য প্রান্তে আরও একটি উদ্বেগজনক ঘটনা ঘটে। পারিবারিক বিবাদের জেরে এক মহিলা ওভারব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের তৎপরতায় ওই মহিলাকে সময়মতো উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি এখন সুস্থ রয়েছেন বলে খবর।

প্রশাসনের ভূমিকা: একটিই ওভারব্রিজ, অথচ দিনের আলোয় পরপর দুটি আত্মহত্যার ঘটনাপ্রবণ পরিস্থিতির মোকাবিলায় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর ভূমিকা প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর দাবি, ওভারব্রিজে তারজালি থাকা সত্ত্বেও নিরাপত্তার এই ফাঁকফোকরগুলি খতিয়ে দেখা প্রয়োজন।