আমির খানের প্রাণনাশের হুমকি! ‘লাভ জিহাদ’-এর অভিযোগে টার্গেট লরেন্স বিষ্ণোই গ্যাং

বলিউডের সুপারস্টার আমির খান বর্তমানে এক গভীর সংকটের মুখে। অভিনেতা গৌরী স্প্র্যাটকে বিয়ে করার পর থেকেই বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না, আর এবার সেই বিতর্ক এক ভয়ংকর রূপ নিল। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম জড়িয়ে আমির খানকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দেওয়া অর্জু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও অডিও বার্তার মাধ্যমে আমির খানকে নিশানা করেছে।
হুমকি দেওয়া পোস্টটিতে তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছে অভিনেতাকে। তাতে লেখা হয়েছে, “জয় শ্রী রাম, জয় সীতা রাম। আমির খানের মতো লোকেরা লাভ জিহাদের নামে আমাদের সংস্কৃতির ওপর আঘাত করছে। আমরা এই জঘন্য কাজ সহ্য করব না। তারকাখ্যাতির আড়ালে যারা এই প্রথা প্রচার করছে, আমরা তাদের শ্বাসরোধ করে দেব।” এই হুমকি বার্তাটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং গোটা দেশে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। হিন্দু সংগঠনের পক্ষ থেকেও আমির খানের এই বিয়ের বিরুদ্ধে সরব হওয়া হয়েছে।
এই প্রসঙ্গে মুম্বাই পুলিশ জানিয়েছে, তারা এখন পর্যন্ত আমির খান বা তাঁর টিমের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি। ভুয়া বা সত্যতা যাচাইয়ের আগেই পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভয়েস নোট ও হুমকি চিঠির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়া মাত্রই কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য যে, গত ৫ জুলাই ২০২৫ সালে বিশেষ বিবাহ আইনের অধীনে কোর্ট ম্যারেজের মাধ্যমে আমির খান ও গৌরী স্প্র্যাট বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই এটি নিয়ে নানা মহলে বিতর্ক দানা বাঁধে। যদিও আমির খান নিজে এই বিতর্ক নস্যাৎ করে দিয়েছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, তিনি তিনটি বিয়ে করলেও তাঁর কোনো স্ত্রীই ধর্মান্তরিত হননি। এছাড়া তাঁর বর্তমান স্ত্রী গৌরী হিন্দু নন, বরং খ্রিস্টান ধর্মাবলম্বী। আমির জানিয়েছেন, তাঁর পরিবার বরাবরই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী; তাঁর মেয়ে ইরা হিন্দু পরিবারে বিবাহিত এবং তাঁর পরিবারের সদস্যদের মধ্যেও বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন।
এদিকে, এই ঘটনা বলিউড ইন্ডাস্ট্রির নিরাপত্তাকে পুনরায় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় থাকা একমাত্র তারকা নন আমির খান। ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে বহুদিন ধরেই সালমান খান এই গ্যাংয়ের হুমকির মুখে রয়েছেন। সালমানকে অসংখ্যবার মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে এবং তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হামলার ঘটনাও ঘটেছে। এখন নতুন করে আমির খানের নাম এই তালিকায় যুক্ত হওয়ায় পুরো বলিউড ইন্ডাস্ট্রিতে ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে। ভক্তরা উদ্বিগ্ন তাঁদের প্রিয় অভিনেতার নিরাপত্তা নিয়ে। তবে আমির খান বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।