ভোরবেলা উঠে বিকেল হতেই গোয়ায়! রেলের মাস্টারস্ট্রোক, শুরু হচ্ছে নতুন ‘বন্দে ভারত’ এক্সপ্রেস

পর্যটকদের জন্য বড় খবর! এবার গোয়া যাওয়া হবে আরও সহজ এবং আরামদায়ক। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই চালু হতে চলেছে আরও একটি নতুন ‘বন্দে ভারত’ এক্সপ্রেস। এই হাই-স্পিড ট্রেনের হাত ধরে অর্ধেক দিনেই বেঙ্গালুরু থেকে গোয়া পৌঁছে যাওয়া সম্ভব হবে। রেল সূত্রের খবর, ম্যাঙ্গালুরু রেলওয়ে রিজিয়নে এই ট্রেন চালানোর প্রস্তাবটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, এই বন্দে ভারত এক্সপ্রেসটি বেঙ্গালুরুর যশবন্তপুর স্টেশন থেকে ছেড়ে গোয়ার মাডগাঁও পর্যন্ত চলাচল করবে। ভোর ৬টা ৫ মিনিটে যশবন্তপুর থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি এবং ওই দিনই সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সেটি পৌঁছে যাবে মাডগাঁওতে। ফলে দীর্ঘ সময়ের ট্রেন যাত্রার ক্লান্তি কাটিয়ে দ্রুত সমুদ্রের সৈকতে পৌঁছানোর সুযোগ পাবেন যাত্রীরা। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই সেমি-হাই স্পিড ট্রেনটি চালুর ফলে পর্যটনের পাশাপাশি বাণিজ্যিক যোগাযোগও অনেক উন্নত হবে বলে আশা করা হচ্ছে। পশ্চিম উপকূলীয় অঞ্চলের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে এই সফর হবে পর্যটকদের কাছে এক বাড়তি পাওনা।