আগামীকাল ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের প্রথম দফার হাই-ভোল্টেজ নির্বাচন। ঠিক তার আগে বুধবার ভোররাতে বহু প্রতীক্ষিত ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট’ (অতিরিক্ত তালিকা-১) প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ মেনে ২২ এপ্রিল অর্থাৎ আজই চূড়ান্ত এই তালিকা জনসমক্ষে আনা হল। এর ফলে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের আগামীকাল ভোট দেওয়ার পথ পরিষ্কার হয়ে গেল।
১৩৬ জনের কপাল খুলল, বাদ পড়লেন ২ জন কমিশন সূত্রে জানা গিয়েছে, ট্রাইব্যুনালে আবেদন করা ভোটারদের তথ্য পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখার পর ১৩৬ জনের নাম ফের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, যথাযথ তথ্যপ্রমাণ না থাকায় ২ জনের আবেদন খারিজ হয়েছে। আজ বিকেল নাগাদ রাজনৈতিক দলগুলোর হাতেও এই বিস্তারিত তালিকা তুলে দেবে কমিশন।
কীভাবে দেখবেন আপনার নাম? SIR বা লজিক্যাল ডিসক্রেপন্সির কারণে যাঁদের নাম বাদ পড়েছিল এবং যাঁরা ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিলেন, তাঁরা এখনই নিজের নাম পরীক্ষা করে নিতে পারেন।
কোথায় দেখবেন: সরাসরি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট
ceowestbengal.wb.gov.in-এ।পদ্ধতি: নিজের এপিক (EPIC) নম্বর দিয়ে সার্চ করলেই জানা যাবে আপনার নাম ‘অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্টে’ উঠেছে কি না।
মনে রাখবেন: যেসব বুথে কোনো নামের নিষ্পত্তি হয়নি, সেখানে ক্লিক করলে ‘তালিকা নেই’ বার্তা দেখা যাবে।
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক হস্তক্ষেপ সংবিধানের ১৪২ ধারার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে, প্রথম দফার ১৫২টি আসনে ভোটগ্রহণের আগে ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে যাঁদের আবেদনের নিষ্পত্তি হবে, তাঁদের নাম অবশ্যই ভোটার তালিকায় তুলতে হবে। আদালতের সেই ‘ডেডলাইন’ মেনেই এই মধ্যরাতের তৎপরতা দেখাল কমিশন।
আগামীকাল সকাল ৭টা থেকে এই অতিরিক্ত তালিকার ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন।





