পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সঙ্ঘাত এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছল। সোমবার মাঝরাতে কমিশনের প্রকাশিত ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) তালিকার নিষ্পত্তি শেষে দেখা গিয়েছে, বিচারাধীন ৬০ লক্ষ ভোটারের মধ্যে মাত্র ৩২ লক্ষকে ‘যোগ্য’ বলে ঘোষণা করা হয়েছে। বাকি ২৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র পেশ করার পর মুখ্যমন্ত্রী বলেন, “আমি অত্যন্ত ব্যথিত কারণ পরিকল্পনা করে অসংখ্য মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম বলেই অন্তত ৩২ লক্ষ মানুষের নাম রক্ষা করা গিয়েছে।” তিনি অভিযোগ করেন, মৃত বা ডুপ্লিকেট ভোটারের নামে আসলে অনেক বৈধ নাগরিকের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাঁর দাবি, বিচারাধীন তালিকায় থাকা ২৭ লক্ষেরও বেশি ভোটার এখনও বৈধ স্বীকৃতির অপেক্ষায় রয়েছেন এবং তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল নেত্রীর মতে, ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়া কেন স্থগিত রাখা হয়েছে, তা নিয়েও বড় প্রশ্ন রয়েছে। উল্লেখ্য, এই তালিকায় মুর্শিদাবাদ, মালদা ও উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলোতে নাম বাদ পড়ার হার সবচেয়ে বেশি। ভোটার তালিকা সংশোধনীর এই ‘চুলচেরা’ বিশ্লেষণ নিয়ে রাজনৈতিক চাপানউতোর এখন তুঙ্গে। একদিকে কমিশন যখন স্বচ্ছতার কথা বলছে, অন্যদিকে শাসক দল একে ‘ভোট চুরির ষড়যন্ত্র’ হিসেবেই দেখছে।





