বেকারত্ব ঘুচবে বাংলায়! ওরাকলের সঙ্গে রাজ্য সরকারের বড় চুক্তি, ১৫ হাজার পড়ুয়া পাবেন বিনামূল্যে প্রশিক্ষণ

তথ্যপ্রযুক্তি বা আইটি শিল্পে বাংলার ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ আরও প্রশস্ত করতে এক অভাবনীয় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা ‘ওরাকল’ (Oracle)-এর সঙ্গে জোট বাঁধল রাজ্যের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের অধীনস্থ সংস্থা ‘ওয়েবেল’ (WEBEL)। এই ঐতিহাসিক চুক্তির ফলে আগামী তিন বছরে রাজ্যের ১৫ হাজার শিক্ষার্থী ও তরুণ পেশাদার সম্পূর্ণ বিনামূল্যে অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তির প্রশিক্ষণ পাবেন।
বুধবার সল্টলেকে এক বিশেষ অনুষ্ঠানে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী বাবুল সুপ্রিয়। ২০২৯ সালের মধ্যে ১৫ হাজার তরুণ প্রতিভাকে তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মূলত বর্তমান বিশ্বের সবথেকে চাহিদাসম্পন্ন বিষয়— আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি এবং ডেটা সায়েন্সের ওপর এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
মন্ত্রী বাবুল সুপ্রিয় এই উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য ‘ফিনিশিং স্কুল’ হিসেবে বর্ণনা করে বলেন, “প্রথাগত ডিগ্রি থাকলেও অনেক সময় শিল্পের বাস্তব চাহিদা অনুযায়ী দক্ষতার অভাব থাকে। ওরাকলের এই বিশ্বমানের কোর্সগুলি সম্পূর্ণ বিনামূল্যে করলে আমাদের পড়ুয়ারা চাকরির বাজারে অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবে।” ওয়েবেল এবং ওরাকল সূত্রে জানানো হয়েছে, প্রতি তিন মাস অন্তর পাঠ্যক্রম আপডেট করা হবে যাতে পড়ুয়ারা একদম সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারেন। প্রশিক্ষণের শেষে মিলবে আন্তর্জাতিক মানের সার্টিফিকেশনও, যা দেশ ও বিদেশের আইটি সংস্থাগুলিতে নিয়োগের ক্ষেত্রে সহায়ক হবে। এই উদ্যোগ পশ্চিমবঙ্গকে দেশের ‘ডিজিটাল ট্যালেন্ট হাব’ হিসেবে গড়ে তুলতে এক মাইলফলক হতে চলেছে।