বিস্ফোরক! স্বর্ণ ব্যবসায়ী খুনে নয়া মোড়, বিডিও-র ‘নেই’ বলা নিউটাউনের ফ্ল্যাটের দলিল প্রকাশ্যে

নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। এই মামলার অন্যতম অভিযুক্ত এবং জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন দাবি করেছিলেন নিউটাউনে তাঁর কোনো ফ্ল্যাট নেই। কিন্তু পুলিশের হাতে আসা নথি অনুযায়ী, নিউটাউনের এবি ব্লকের একটি ফ্ল্যাটের ইলেকট্রিক মিটার স্বয়ং প্রশান্ত বর্মনের নামেই রয়েছে। এই নথি তাঁর আগের দাবিকে সরাসরি মিথ্যা প্রমাণ করল।
এই খুনের ঘটনায় তদন্তে নেমে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ কোচবিহার থেকে সজল সরকার নামে আরও একজনকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, ধৃত সজল সরকার কোচবিহার জেলায় তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট পদে রয়েছেন। শিলিগুড়ি থেকে তাঁকে গ্রেফতারের পর কলকাতায় নিয়ে এসে জেরা করা হবে। অভিযোগ, গত ২৮ আগস্ট নিউটাউনে বিডিও প্রশান্ত বর্মনের ফ্ল্যাটেই স্বপন কামিল্যাকে মারধর করা হয়, সেই সময় সজল সরকারও সেখানে উপস্থিত ছিলেন। মারধরের ফলেই মাথায় গুরুতর আঘাত লেগে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়।
এর আগে বিডিও-র গাড়ির চালক রাজু ঢালি এবং ঠিকাদার বন্ধু তুফান থাপাকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের জেরা করেই জানা যায় যে ঘটনার দিন মোট ছয়জন মিলে ওই ব্যবসায়ীকে মারধর করেছিল। সবচেয়ে গুরুতর অভিযোগটি হল— বিডিও প্রশান্ত বর্মনের নির্দেশেই মৃতদেহটি তাঁর নীল বাতি লাগানো সরকারি গাড়িতে করে নিউটাউনের যাত্রাগাছির খাল পাড়ে ফেলে আসা হয়েছিল।
এখনও পর্যন্ত তিনজন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এখনও অধরা।