বিশ্বকর্মা পুজোর আগে ডাম্পার ধুতে গিয়ে সব শেষ! নিজের গাড়ির চাকায় পিষে গেলেন মালিক

বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন নিজের ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো ডাম্পার মালিক বিশ্বজিৎ মন্ডলের (৪৬)। বুধবার দুর্গাপুরের কাঁকসা থানার কৃষ্ণপুর এলাকায় এই ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বিশ্বজিৎ মন্ডলের বাড়ি কাঁকসা ব্লকের কাজলাডিহি গ্রামে। আগামীকাল বিশ্বকর্মা পূজা থাকায় তিনি তার ডাম্পারটি ধোয়ার জন্য শিবপুর ঘাটে অজয় নদে নিয়ে গিয়েছিলেন। ডাম্পারটির যৌথ মালিক বিশ্বজিৎ এবং তার পার্টনার তরুণ দত্ত। ডাম্পারটি ধোয়ার পর বিশ্বজিৎ তার সহযোগী খালাসিকে গাড়ি চালাতে বলেন। তিনি নিজে তার বাইক চালিয়ে ডাম্পারের সামনে যাচ্ছিলেন।

কৃষ্ণপুর এলাকায় ডাম্পার চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্বজিতের বাইকে ধাক্কা মারেন। ধাক্কা লাগার পর বিশ্বজিৎ বাইক থেকে ছিটকে পড়েন এবং ডাম্পারের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার পা দুটি থেঁতলে যায়। দুর্ঘটনার পর ডাম্পার চালক খালাসি গাড়ি ফেলে পালিয়ে যায়।

পুলিশি তৎপরতা

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিশ্বজিৎকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে মলানদিঘি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঘাতক ডাম্পার ও বিশ্বজিতের বাইকটি বাজেয়াপ্ত করে নিয়ে যায়।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার জানান, ডাম্পারের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। ঘাতক চালক পলাতক এবং পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।