বিয়ে নিয়ে মুখ খুললেই পার্টনারের মুড অফ? ৫টি মারাত্মক লক্ষণ দেখলেই বুঝে যান সে আপনাকে নিয়ে আদৌ সিরিয়াস কি না!

সম্পর্কের বয়স পেরিয়ে গেছে ৩ বা ৪ বছর। কিন্তু বিয়ের কথা তুলতেই পার্টনারের মুখের হাসি কি নিমেষে উধাও হয়ে যায়? টপিক বদলে ফেলা, জরুরি ফোন আসার অজুহাত দেওয়া কিংবা “এখন শুধু কেরিয়ার দেখি”—এই জাতীয় অজুহাতে যারা কথা এড়িয়ে যান, তাদের নিয়ে মনে সন্দেহ জাগাটাই স্বাভাবিক। তখন বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে এবং মনে প্রশ্ন জাগে, সে কি সত্যিই আমাকে জীবনসঙ্গী হিসেবে চায়, নাকি আমি তার কাছে নিছকই একটি অপশন মাত্র? সম্পর্কে বিশ্বাসের অভাব এবং অনিশ্চয়তার চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না। তবে সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, পার্টনারের মুখে বড় বড় মিষ্টি প্রতিশ্রুতি শোনার কোনো প্রয়োজন নেই। তার দৈনন্দিন ছোট ছোট কাজকর্ম এবং আচরণ লক্ষ্য করলেই পরিষ্কার হয়ে যাবে সে আদতে বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত কি না। সম্পর্কে যদি এই ৫টি স্পষ্ট লক্ষণ দেখা যায়, তবে ৯০ শতাংশ নিশ্চিত হয়ে যেতে পারেন যে আপনার পার্টনার আপনার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে ভীষণভাবে সিরিয়াস।
প্রথমত, যে মানুষটি আপনাকে নিয়ে সিরিয়াস, সে আপনাকে নিজের পরিবার এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিটি ধাপে গুরুত্ব দেবে। যার বিয়ের কোনো সদিচ্ছা নেই, সে কখনোই আপনাকে তার বাবা-মা বা ঘরের মানুষের সঙ্গে মেশাতে চাইবে না। ভবিষ্যতের পরিকল্পনা বলতে তারা বড় জোর আগামী মাসে কোনো উইকেন্ড ট্রিপ পর্যন্তই সীমাবদ্ধ থাকে। কিন্তু যে মানুষটি আপনাকে নিয়ে নিজের সুদূর প্রসারী ভবিষ্যৎ দেখে, সে আগামী দুই বা তিন বছরের প্ল্যানিংয়েও আপনাকে নিজের অংশ হিসেবে জড়িয়ে নেবে। কথোপকথনের সময় সে “আমি” শব্দের চেয়ে “আমরা” শব্দটির ব্যবহার অনেক বেশি করবে, যা সম্পর্কের গভীরতার সবচেয়ে বড় ও স্পষ্ট প্রমাণ।
দ্বিতীয়ত, সম্পর্কের টানাপোড়েন বা ঝগড়ার মুহূর্তে তার প্রতিক্রিয়া কেমন হয়, তা থেকেও অনেক কিছু স্পষ্ট হয়ে যায়। সময় কাটানোর জন্য যারা সম্পর্ক রাখেন, সামান্য মতপার্থহ্যের সৃষ্টি হলেই তারা ঝগড়া বাধিয়ে বলে বসেন যে ব্রেকআপই এর একমাত্র সমাধান। এরপর দিনের পর দিন কথা বন্ধ রেখে নিজেদের অহংকার বা ইগো জাহির করতে থাকেন। অন্যদিকে, যে মানুষটি আপনাকে নিয়ে আজীবন কাটানোর স্বপ্ন দেখে, সে ভালোভাবেই জানে যে সারাজীবন একসঙ্গে থাকতে গেলে ঝগড়া মিটিয়ে চলাই বুদ্ধিমানের কাজ। তাই চরম উত্তেজনার দু’ঘণ্টা পর সে নিজে থেকেই ফোন করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
তৃতীয়ত, আপনার কেরিয়ার এবং ব্যক্তিগত স্বপ্নগুলোর প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন, তা সম্পর্কের আসল পরীক্ষা। আপনি পেশাগত জীবনে কোনো বড় সাফল্য বা প্রমোশন পেলে সে কি আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করে? নাকি সে আপনার সাফল্যে বুক ফুলিয়ে গর্ববোধ করে এবং আপনার স্বপ্নের পথকে আরও প্রশস্ত করতে পূর্ণ সহযোগিতা করে? যে পার্টনার আপনার সামগ্রিক অগ্রগতি দেখে আতঙ্কিত হয়, সে কখনোই বিয়ের মতো বড় দায়িত্ব নেওয়ার সাহস দেখাতে পারে না। চতুর্থত, টাকা-পয়সা এবং ভবিষ্যৎ জীবনের আর্থিক দায়িত্ব বা পরিকল্পনা নিয়ে সে আপনার সঙ্গে কতটা স্বচ্ছ, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ে মানে কেবল রোমান্স নয়, বরং সংসার চালানোর নানান খরচ ও দায়িত্ব। একজন সিরিয়াস মানুষ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে কুণ্ঠাবোধ করে না।
পঞ্চমত, সে আপনাকে কখনোই নিজের জীবন থেকে লুকিয়ে রাখতে চাইবে না। হাজার ব্যস্ততার অজুহাত দিলেও যে মানুষটি আপনাকে সত্যি ভালোবাসে, সে নিজের চব্বিশ ঘণ্টার মধ্যে ঠিক কিছুটা সময় আপনার জন্য বের করে নেবে। সোশ্যাল মিডিয়ায় বা নিজের বন্ধু মহলে আপনাকে সবসময় গর্বের সঙ্গে পরিচয় করাবে। পরিশেষে বলা যায়, সম্পর্কের গভীরতা মাপার জন্য মুখের মিষ্টি কথার চেয়ে কাজের প্রমাণ অনেক বেশি মূল্যবান। যদি এই ৫টি লক্ষণের মধ্যে অন্তত ৩ থেকে ৪টি লক্ষণ আপনার পার্টনারের মধ্যে মিলে যায়, তবে নিঃসন্দেহে তাকে একটু ভরসা দিতে পারেন। আর যদি এর একটিও না মেলে, তবে নিজের অমূল্য সময় নষ্ট না করে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই বুদ্ধিমত্তার পরিচয় হবে।