টলিপাড়ায় ঝড় তুলল জীতু-শ্রাবন্তীর রোম্যান্টিক কেমেস্ট্রি! নজর কাড়ল বিশ্বনাথ বসুর দুরন্ত নাচ, আত্মপ্রকাশ ‘এরাও মানুষ’-এর

সাই প্রকাশ লাহিড়ী এবং অমিত তালুকদার পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘এরাও মানুষ’ (Erao Manush- The Search Within)-এর গান প্রকাশ অনুষ্ঠান ঘিরে সম্প্রতি টলিপাড়ায় এক জমজমাট ও বর্ণাঢ্য সন্ধ্যার সৃষ্টি হয়। সুর ও নাচের জাদুতে ভরপুর এই মিউজিক লঞ্চ ইভেন্টটি মুহূর্তের মধ্যে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ছবির সাইকোলজিক্যাল থ্রিলার ও সোশ্যাল ড্রামা ঘরানার সঙ্গে সামঞ্জস্য রেখেই সাজানো হয়েছিল এই সন্ধ্যার পুরো অনুষ্ঠানটি।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল তারকাদের লাইভ পারফরম্যান্স এবং উদ্ভাসিত উপস্থিতি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু মঞ্চে উঠে সুরজিৎ চট্টোপাধ্যায়ের গাওয়া জনপ্রিয় গান ‘নাচ ক্ষ্যাপা নাচ’-এর সঙ্গে এমন এক দুরন্ত ও প্রাণবন্ত নৃত্য পরিবেশন করেন, যা উপস্থিত সকল দর্শক ও আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করে তোলে। পাশাপাশি, নজর কেড়েছে অভিনেতা জীতু কমল ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটি দুর্দান্ত ডুয়েট ডান্স পারফরম্যান্স। এই জমকালো সন্ধ্যায় সুরের মূর্ছনা ছড়াতে উপস্থিত ছিলেন কার্তিক দাস বাউল, সুরজিৎ চট্টোপাধ্যায়, সিধু, আকৃতি কক্কর এবং জুন বন্দ্যোপাধ্যায়ের মতো প্রথিতযশা শিল্পীরা। তবে ব্যস্ততার কারণে জাভেদ আলি সরাসরি উপস্থিত থাকতে না পারলেও তার গাওয়া গান অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে।

উল্লেখ্য, এই বিশেষ সন্ধ্যায় প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে গভীর শ্রদ্ধা জানানো হয়। ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা রাহুলের স্মরণে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। সিধুর কণ্ঠে ‘ফিরে আয় বন্ধু’ শীর্ষক গানটির মাধ্যমে তাকে এই সম্মান জানানো হয়। গানটির পুরুষ কণ্ঠে সিধু (ক্যাকটাস) এবং নারী সংস্করণে আকৃতি কক্কর কণ্ঠ দিয়েছেন। গান দুটির কথা লিখেছেন বালাসাই লাহিড়ী ও সিধু এবং সুর দিয়েছেন বালাসাই লাহিড়ী। মানসিক স্বাস্থ্যকেন্দ্রের অন্ধকার অন্দরমহল, ক্ষমতার অপব্যবহার, রহস্য এবং মানবিকতার টানাপোড়েন নিয়ে তৈরি এই ছবির মিউজিক অ্যালবামে রয়েছে একাধিক ভিন্ন স্বাদের গান। যেমন— ‘মনে হলো কেন’ (জাভেদ আলি), ‘স্বপ্নের রাজকুমারী’ (কার্তিক দাস বাউল), ‘খুঁজতে চাই তোকে’ (জুন বন্দ্যোপাধ্যায়) ইত্যাদি।

ছবিটির মূল কাহিনি আবর্তিত হয়েছে ‘আনন্দধারা’ নামের একটি রহস্যময় মানসিক আশ্রমকে কেন্দ্র করে। আশ্রমের অন্দরমহলে লুকিয়ে থাকা শোষণ, নির্যাতন এবং ক্ষমতার ক্ষমতার লড়াইয়ের অন্ধকার জগৎ উন্মোচন করতে গিয়ে এক সাংবাদিকের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনা দিয়ে ছবির প্লট এগোয়। এরপর নিখোঁজ সাংবাদিকের সন্ধানে পুরনো সমস্ত দূরত্ব ভুলে একত্রিত হন অবন্তী ও দীপ। বাস্তব জীবনের বহু নথিভুক্ত অভিজ্ঞতা ও ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অর্ণব ভৌমিক। সাই ভিগনেশ ফিল্মস প্রযোজিত এবং বিপাশা লাহিড়ী, বালাসাই লাহিড়ী ও সাইপ্রকাশ লাহিড়ী নিবেদিত এই ছবিটিতে গভীর সামাজিক বার্তার পাশাপাশি থ্রিল, ড্রামা, কমেডি এবং ভরপুর বিনোদনের মশলা রয়েছে। বালাসাই লাহিড়ীর চমৎকার সঙ্গীত পরিচালনা ও আবহ সঙ্গীত ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।