বাসর ঘর নয়, সোজা শ্রীঘর! কুলতলিতে নাবালিকাকে বিয়ে করতে এসে পুলিশের জালে বর

বাসর ঘরে ঢোকার বদলে বিয়ের পিঁড়ি থেকে সরাসরি শ্রীঘরে ঠাঁই হল পাত্রের! দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে এক নাবালিকার বিয়ে রুখে দিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শিশু কল্যাণ দপ্তরের সহায়তায় ছাদনাতলায় হানা দিয়ে এই বেআইনি বিয়েকে পণ্ড করে দেয় কুলতলি থানার পুলিশ।
পুলিশের জালে বর ও পরিবার: জানা গিয়েছে, বহড়ু এলাকার ২২ বছরের যুবক আরিফুল মোল্লার সঙ্গে ওই নাবালিকার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের আসরে পুলিশ পৌঁছে বর আরিফুল সহ নাবালিকার বাবা, জেঠু এবং পাত্রের মামাকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে নাবালিকাকে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে, এই বিয়েতে তার সম্মতি ছিল কি না, নাকি তাকে জোর করে বিয়ের পিঁড়িতে বসানো হয়েছিল।
প্রশাসনের কড়া বার্তা: নাবালিকা বিবাহ রুখতে প্রশাসনের তরফে লাগাতার প্রচার চালানো হলেও গ্রামগঞ্জের একাংশে এখনও এই কুপ্রথা বর্তমান। তবে এবার আর কেবল প্রচার নয়, সরাসরি কড়া আইনি পদক্ষেপ নিল পুলিশ। নাবালিকার ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টার অভিযোগে ধৃতদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করা হচ্ছে।