বাজেটের ধাক্কায় আকাশছোঁয়া সিগারেটের দাম! এক প্যাকেটে কত টাকা বাড়ল জানেন?

বাজেট ঘোষণার রেশ কাটতে না কাটতেই বড়সড় ধাক্কা খেলেন ধূমপায়ীরা। ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হয়েছে নতুন আবগারি শুল্ক, আর তার সরাসরি প্রভাব পড়েছে তামাকজাত পণ্যের বাজারে। রবিবারের ছুটির মেজাজেই দুঃসংবাদ পেলেন সিগারেটপ্রেমীরা। ব্র্যান্ডভেদে প্যাকেটের দাম এক ধাক্কায় ২২ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে খুচরো বিক্রেতারা ইতিমধ্যেই বাড়তি দাম নেওয়া শুরু করে দিয়েছেন।

পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, ৭৬ এমএম দৈর্ঘ্যের সিগারেটের প্যাকেটে ৫০ থেকে ৫৫ টাকা পর্যন্ত দাম বাড়তে চলেছে। মূলত ৪০ শতাংশ জিএসটি-র পাশাপাশি অতিরিক্ত কর হিসেবে নতুন আবগারি শুল্ক এবং পান মশলার ওপর বিশেষ স্বাস্থ্য সেস বসানোর ফলে এই মূল্যবৃদ্ধি। কমপেনসেশন সেস তুলে নিয়ে নতুন এই শুল্ক কাঠামো তৈরি হয়েছে।

এক নজরে নতুন দামের তালিকা:

উইলস নেভি কাট (৭৬ এমএম): ১০টির প্যাকেটের দাম ৯৫ টাকা থেকে বেড়ে প্রায় ১২০ টাকা হতে চলেছে।

গোল্ড ফ্লেক লাইট ও ক্লাসিক (৮৪ এমএম): ১৭০ টাকার প্যাকেট এখন কিনতে হবে ২২০ থেকে ২২৫ টাকায়।

নন-ফিল্টার সিগারেট: ৬৫ এমএম দৈর্ঘ্যের স্টিক প্রতি দাম বেড়েছে ২.০৫ টাকা।

ফিল্টার সিগারেট: প্রতি স্টিকে দাম বেড়েছে ২.১০ টাকা।

প্রিমিয়াম সিগারেট: বড় মাপের বা প্রিমিয়াম সিগারেটের প্রতি স্টিকের দাম প্রায় ৫.৪০ টাকা করে বাড়ছে।

স্লিম সিগারেট: ২০টি স্টিকের ক্লাসিক কানেক্ট (৯৭ এমএম)-এর দাম ৩০০ টাকা থেকে বেড়ে ৩৫০ টাকা স্পর্শ করছে।

বাজার সূত্রে খবর, অনেক কোম্পানিই আপাতত পুরনো স্টকের জোগান কমিয়ে দিয়েছে। নতুন দাম প্রিন্ট হওয়া প্যাকেট এই মাসের শেষের দিকেই ডিস্ট্রিবিউটরদের হাতে চলে আসবে। তবে এমআরপি আপডেট হওয়ার আগেই খুচরো বাজারে হাহাকার ও বাড়তি দাম নেওয়ার অভিযোগ উঠতে শুরু করেছে।