শিলিগুড়ি পৌরনিগমে আমজনতার সমস্যার কথা সরাসরি শোনার জন্য চালু হয়েছিল জনপ্রিয় কর্মসূচি ‘টক টু মেয়র’। প্রতি শনিবার যার অপেক্ষায় থাকতেন সাধারণ মানুষ। কিন্তু সেই কর্মসূচির ভবিষ্যৎ নিয়েই এখন দেখা দিয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের ঠিক পরেই এবার থমকে গেল মেয়রের এই বিশেষ পরিষেবা।
শনিবারে সাইলেন্ট মেয়র শিলিগুড়ির মেয়র গৌতম দেব নিজেই জানিয়ে দিয়েছেন, আসন্ন শনিবারে ‘টক টু মেয়র’ কর্মসূচিটি হচ্ছে না। সাধারণত প্রতি শনিবার একটি নির্দিষ্ট সময়ে তিনি সরাসরি ফোনে শহরবাসীর অভাব-অভিযোগ শোনেন এবং সঙ্গে সঙ্গে সমাধানের নির্দেশ দেন। কিন্তু হঠাৎ করেই এই কর্মসূচি স্থগিত হয়ে যাওয়ায় শহরবাসীর মধ্যে জল্পনা শুরু হয়েছে।
ভোটের ফলের জের? সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি কেন্দ্রে বড় ব্যবধানে হার স্বীকার করতে হয়েছে তৃণমূল প্রার্থী তথা মেয়র গৌতম দেবকে। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের কাছে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর থেকেই মেয়রের পরবর্তী পদক্ষেপ নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিধানসভা নির্বাচনের এই বিপর্যয়ের ধাক্কাই কি তবে প্রতিফলিত হচ্ছে প্রশাসনিক কাজে? যদিও ব্যক্তিগত কারণ না কি রাজনৈতিক পরিস্থিতি— ঠিক কী কারণে এই শনিবার কর্মসূচিটি বাতিল করা হলো, তা নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
অনিশ্চয়তায় ‘টক টু মেয়র’ শিলিগুড়ির সাধারণ মানুষের কাছে এই পরিষেবাটি অত্যন্ত জনপ্রিয় ছিল। ফলে একবার বন্ধ হওয়ার পর তা আদৌ আর চালু হবে কি না, নাকি এই জনপ্রিয় অনুষ্ঠানের এখানেই ইতি ঘটবে— তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরাও। কেউ কেউ মনে করছেন, মেয়রের এই সিদ্ধান্ত আসলে পরাজয়ের পর জনগণের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার কৌশল। আবার কারো মতে, মেয়রের দায়িত্ব থেকে তাঁর সম্ভাব্য অব্যাহতির গুঞ্জনের মধ্যেই এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এখন দেখার, শিলিগুড়ি পৌরনিগমের এই জনপ্রিয় পরিষেবা আবার স্বমহিমায় ফিরে আসে, নাকি নির্বাচনী ফলের প্রভাব মেয়রের এই ‘পাবলিক কানেক্ট’ প্রোগ্রামকে চিরতরে স্তব্ধ করে দেয়।





