. পিজ্জা দিতে দেরি! মাতাল কনস্টেবলের তাণ্ডবে উত্তাল রাজস্থানের কোটা

রাজস্থানের কোটা শহরে মদ্যপ অবস্থায় পুলিশের এক কনস্টেবলের তাণ্ডব ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নয়াপুরা থানা এলাকার একটি ফাস্ট ফুড সেন্টারে পিজ্জার অর্ডার দিয়েছিলেন কনস্টেবল অজিত। পিজ্জা তৈরি হতে দেরি হওয়ায় তিনি মেজাজ হারিয়ে দোকানদার রামু আগরওয়ালকে গালিগালাজ ও চড় মারেন। নেশার ঘোরে তিনি দোকান ভাঙচুর করেন এবং বাধা দিতে আসা দোকানদারের ভাগ্নের জামাকাপড় ছিঁড়ে ফেলে মারধর করেন।

অভিযোগ, নিজের টি-শার্ট খুলে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি তিনি দোকানদারের গলা থেকে সোনার চেইনও ছিনিয়ে নেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে দোকানের টেবিল-চেয়ার ছুড়ে ফেলছেন। কাছেই পুলিশ লাইন ও পুলিশ সুপারের কার্যালয় থাকা সত্ত্বেও অভিযোগ, সময়মতো সাহায্য মেলেনি।

পরে নয়াপুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত অজিতকে গ্রেপ্তার করে। ডাক্তারি পরীক্ষায় তার শরীরে মদ্যপানের প্রমাণ মিলেছে। এই ঘটনার জেরে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপার তেজস্বিনী গৌতমের নির্দেশে অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। দোকানদারের দায়ের করা মারধর, ভাঙচুর ও চেইন ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে আইনি তদন্ত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy