পুড়ছে না আর গরম, ঘূর্ণাবর্তের জোড়া ফলায় বাংলাজুড়ে বৃষ্টির তাণ্ডব! দক্ষিণবঙ্গেও কি বাড়বে দুর্যোগ?

সোমবার দুপুর থেকে রাজ্যজুড়ে চলা একটানা প্রবল বর্ষণের পর মঙ্গলবার সকাল থেকে আবহাওয়ায় কিছুটা স্বস্তি মিললেও আকাশ এখনও মুখ ভারী করে রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষার দোসর হিসেবে সক্রিয় রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত, যার ফলে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টি অব্যাহত থাকবে। আগামী শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মৌসুমী অক্ষরেখা বর্তমানে রাজস্থানের বিকানের থেকে শুরু করে বিহারের পাটনা এবং উত্তরবঙ্গের মালদার ওপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকা, আসাম, উত্তর প্রদেশ, রাজস্থান এবং তামিলনাড়ুতেও নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
আজ দিনভর কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান—এই চার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কমতে শুরু করবে এবং রবিবারে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও উইকেন্ডে বড় কোনো সতর্কবার্তা নেই।
অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। মঙ্গলবার উত্তরবঙ্গের তিন জেলায় দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ২০০ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া কালিম্পং ও কোচবিহারে কমলা সতর্কতা এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার উত্তরবঙ্গে দুর্যোগ আরও তীব্র হতে পারে, যেখানে সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা ও হলুদ সতর্কতা বহাল থাকবে। প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে এবং তিস্তা, তোর্সা, রাইডাক ও জলঢাকা নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইতে পারে, যা কৃষিকাজেরও ব্যাপক ক্ষতি করতে পারে।