নোয়া খুলে পরীক্ষা দিতে নারাজ বিবাহিতা! এসএসসি পরীক্ষায় তুমুল বিতর্ক, কড়া অবস্থান পরীক্ষার্থীর

এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার কড়া নিয়মের জেরে এবার এক নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় হাতের নোয়া খুলতে বলায় এক পরীক্ষার্থী পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরে গেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক এবং বিবাহিত মহিলা পরীক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, সধবা মেয়ে কেন তার সিঁদুর, শাখা এবং নোয়া খুলে পরীক্ষা দেবে?

কী ঘটেছিল কালনার পরীক্ষা কেন্দ্রে?

পূর্ব বর্ধমানের কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে আজ এসএসসি পরীক্ষার জন্য ৩৯৭ জন পরীক্ষার্থী এসেছিলেন। কড়া নিরাপত্তার অংশ হিসেবে পরীক্ষার্থীদের কোনো রকম ধাতব জিনিস সঙ্গে না আনার নির্দেশ দেওয়া হয়েছিল। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই নিয়মের আওতায় পড়ে নোয়া এবং পলা। অভিযোগ, একজন পরীক্ষার্থীকে তার হাতের নোয়া খুলতে বলা হলে তিনি তা খুলতে অস্বীকার করেন। এর জেরে তিনি পরীক্ষা না দিয়েই কেন্দ্র থেকে বেরিয়ে চলে যান।

যদিও, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়েছেন, এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। তবে অন্যান্য বিবাহিত মহিলা পরীক্ষার্থীরাও এই নিয়মের প্রতিবাদ করেছেন। তাদের দাবি, নোয়া বা পলা যদি খুলতে হয়, তবে তারা পরীক্ষা দেবেন না।

এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, এসএসসি পরীক্ষা কেন্দ্রের এই কঠোর নিয়ম কি ধর্মীয় এবং সামাজিক রীতির সঙ্গে সাংঘর্ষিক? এই বিতর্কের ফলে একদিকে যেমন কমিশনের স্বচ্ছতার পদক্ষেপ প্রশংসিত হচ্ছে, তেমনি অন্যদিকে ঐতিহ্য ও ব্যক্তিগত বিশ্বাসের প্রতি সম্মান দেখানোর প্রশ্নটিও সামনে আসছে।