দুর্নীতি ফাঁস! অভিষেকের নাম ভাঙিয়ে ভোটের টিকিট বিক্রি, হোটেলে হাতেনাতে গ্রেফতার ১

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে বিধানসভা ভোটের টিকিট পাইয়ে দেওয়ার প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নাজমুল শেখ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকেই এই প্রতারণা চক্রের খবর প্রথম সামনে আসে। এক তৃণমূল নেতার মাধ্যমে বিষয়টি অভিষেকের নজরে আনা হয়। এরপরই তার অফিস থেকে সরাসরি অভিযুক্ত নাজমুল শেখের সঙ্গে যোগাযোগ করা হয়। তাকে আলোচনার জন্য পার্ক স্ট্রিটের একটি হোটেলে ডেকে পাঠানো হয়।
শুক্রবার নির্দিষ্ট সময়ে নাজমুল সেই হোটেলে পৌঁছলে সাদা পোশাকের পুলিশকর্মীরা তাকে হাতেনাতে ধরে ফেলে। সে সময় সে বুঝতেই পারেনি যে তার জন্য ফাঁদ পাতা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত নাজমুল নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দিত এবং তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নিত। এখন পুলিশ খতিয়ে দেখছে, এই চক্রে সে একাই জড়িত, নাকি এর পেছনে আরও বড় মাথা রয়েছে। কারা কারা তার মাধ্যমে প্রার্থী হওয়ার লোভে টাকা দিয়েছেন, তাও জানার চেষ্টা চলছে।
তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। দলের ভাবমূর্তি রক্ষায় কোনো ধরনের অসৎ কার্যকলাপ বরদাস্ত করা হবে না, এই বার্তা দিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে সরাসরি পুলিশের কাছে অভিযোগ জানানো হয় বলে খবর।