BCCI-এর নতুন সভাপতি কে? আইপিএল চেয়ারম্যানের দৌড়েও বড় চমক

ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিসিসিআই (BCCI)-এর পরবর্তী সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচন নিয়ে উত্তাল ক্রিকেটমহল। মুম্বাইতে এই মাসের শেষ সপ্তাহে বোর্ডের ৯৪তম বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে, যেখানে গুরুত্বপূর্ণ পদগুলিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য দ্রুতই নোটিফিকেশন জারি করা হবে।
রজার বিন্নি ৭০ বছর পূর্ণ হওয়ায় বিসিসিআই-এর সংবিধান অনুযায়ী তাকে সভাপতির পদ ছাড়তে হয়েছে। বর্তমানে সহ-সভাপতি রাজীব শুক্লা ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। তবে স্থায়ী সভাপতির পদটি শূন্য। এই পদে একজন প্রাক্তন ক্রিকেটার অথবা একজন সিনিয়র ক্রিকেট প্রশাসক আসতে পারেন। জানা গেছে, বিসিসিআই এখনও কোনো নির্দিষ্ট প্রার্থীর নাম চূড়ান্ত করেনি। AGM-এর আগে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে বলে সূত্রের খবর।
রাজীব শুক্লার সামনে তিনটি বিকল্প রয়েছে:
১. তিনি বর্তমান সহ-সভাপতি পদে বহাল থাকতে পারেন।
২. তাকে আইপিএল-এর চেয়ারম্যান করা হতে পারে।
৩. তিনি ভারপ্রাপ্ত থেকে স্থায়ী বিসিসিআই সভাপতি হতে পারেন।
যদিও তাকে সহ-সভাপতি পদে বহাল রাখার সম্ভাবনাই বেশি, তবে সভাপতি হওয়ার সমীকরণও তার পক্ষে ৬০-৪০ বলে সূত্রের দাবি।
আইপিএল চেয়ারম্যানের দৌড়
অন্যদিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর চেয়ারম্যান পদেও পরিবর্তন আসতে পারে। এই পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে প্রাক্তন কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী-র নাম। এছাড়াও, আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া-র নামও আলোচনায় আছে।
বিসিসিআই-এর সচিব, যুগ্ম সচিব এবং কোষাধ্যক্ষ পদে পুরনো কর্মকর্তারাই বহাল থাকবেন বলে জানা গেছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।