দিল্লি-ইসলামাবাদ বিস্ফোরণ! ‘পাকিস্তানের সম্পদ’ জঙ্গিরাই কি চালক? পাক সাংবাদিকের বিস্ফোরক দাবিতে তোলপাড়

রাজধানী দিল্লিতে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু ও অন্তত ২৪ জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার মাত্র ১৮ ঘণ্টার ব্যবধানে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালতে ঘটে আত্মঘাতী হামলা, যেখানে ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই আদালতের কর্মী ও আইনজীবী। পরপর ঘটে যাওয়া এই দুই বিস্ফোরণকে ঘিরে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন এক পাকিস্তানি সাংবাদিক, যা দুই দেশের নিরাপত্তা মহলে তোলপাড় ফেলে দিয়েছে।

ওই পাকিস্তানি সাংবাদিক এক্স (পূর্বে ট্যুইটার) হ্যান্ডেলে এক বিস্ফোরক দাবি করে বলেছেন যে, দিল্লি এবং ইসলামাবাদের সাম্প্রতিক হামলাগুলি পরিচালনা করেছে পাকিস্তান সেনাবাহিনীর “সম্পদ” হিসেবে পরিচিত জঙ্গিরা। সূত্র উল্লেখ করে তিনি দ্রুত এই তথ্য প্রকাশ্যে আনার আহ্বান জানিয়েছেন।

বিষয়টি নিয়ে নিজের পোস্টে ওই সাংবাদিক আরও উল্লেখ করেছেন, “দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, যতক্ষণ না পাকিস্তানের জেনারেলরা দেশীয় ও বিদেশ নীতির হাতিয়ার হিসেবে ইসলামি সন্ত্রাসবাদকে ব্যবহার বন্ধ করছে।” দুই ভিন্ন দেশের রাজধানীতে পরপর হামলার ঘটনায় পাকিস্তানি সাংবাদিকের এই দাবি আন্তর্জাতিক স্তরে পাকিস্তান সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলল। বিস্তারিত তদন্ত রিপোর্ট প্রকাশের দিকে এখন সকলের নজর।