তিন বছর ধরে ডিম্বাণু সঞ্চিত করে বাবা হচ্ছেন রাজকুমার রাও! মাতৃত্ব নিয়ে অকপট পত্রলেখা

বিয়ে এবং সম্পর্কের চার বছর পর মা-বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন বলি তারকা জুটি রাজকুমার রাও এবং পত্রলেখা। এবার নিজের মাতৃত্ব নিয়ে মুখ খুললেন পত্রলেখা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মা হওয়ার প্রক্রিয়া কতটা চ্যালেঞ্জিং।
সোহা আলি খানের ইউটিউব চ্যানেলে এসে পত্রলেখা জানান, মাতৃত্বের সফরটা যতটা সুখের, ততটাই কঠিন। তিনি বলেন, “মা হওয়া যে কতটা কঠিন কাজ, নিজে না হলে হয়তো বুঝতেই পারতাম না।”
পত্রলেখা আরও বলেন যে, তিন বছর আগে তিনি এবং রাজকুমার সিদ্ধান্ত নিয়েছিলেন, যখন তারা মানসিকভাবে প্রস্তুত থাকবেন, তখনই সন্তান নেবেন। সেই কারণে তিন বছর আগেই ডিম্বাণু সঞ্চয় করে রেখেছিলেন। তিনি বলেন, ‘আমি ইয়ং জেনারেশনকে বলব, যদি সম্ভব হয়, তাহলে স্বাভাবিক প্রক্রিয়াতেই সন্তানকে পৃথিবীতে আনা উচিত। না হলে অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে।’
২০১৪ সালে ‘সিটি লাইট’ ছবির শুটিং ফ্লোর থেকে শুরু হয় তাদের প্রেম। প্রথম দেখাতেই রাজকুমারকে ভালো লেগেছিল পত্রলেখার। তবে নিজেদের সম্পর্ককে গোপনে রেখেছিলেন এবং যথেষ্ট সময় নিয়েছিলেন সংসার শুরুর জন্য। এখন এই জুটির ভালোবাসার গল্প সকলের কাছেই এক অনুপ্রেরণা।