ডিএ মামলার চূড়ান্ত রায় আজই? সুপ্রিম কোর্টে গঠিত হল ‘স্পেশাল বেঞ্চ’, উত্তেজনায় লক্ষ লক্ষ কর্মচারী

রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) মামলার চূড়ান্ত রায় নিয়ে এক বড় আপডেট সামনে এসেছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন যে, এই মামলার বহু প্রতীক্ষিত রায় আজই ঘোষণা হতে পারে।

ডিএ মামলার জন্য বিশেষ বেঞ্চ গঠন

সূত্র অনুযায়ী, সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় ঘোষণার জন্য ইতিমধ্যেই একটি ‘স্পেশাল বেঞ্চ’ গঠন করা হয়েছে। সেই মোতাবেক, আজ, বুধবার, ১২ই নভেম্বর ২০২৫, দুপুর ৩টেয় এই মামলার শুনানি হবে মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে। শুনানির ধরণটি ‘মিসলেনিয়াস হেয়ারিং’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

এই বিশেষ বেঞ্চ গঠনের খবরে নতুন করে আশার আলো দেখছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। কর্মী সংগঠনগুলির মতে, সাধারণত দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে রায় ঘোষণার ঠিক আগে আদালত এই ধরনের বিশেষ বেঞ্চ গঠন করে থাকে। ফলে তাঁরা মনে করছেন, আজই আসতে পারে ডিএ সংক্রান্ত চূড়ান্ত রায়।

রায় ঘোষণার সম্ভাবনা কতটা?

কনফেডারেশনের সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, “বিচারপতিদের নামসহ বিশেষ বেঞ্চের তালিকা প্রকাশ হয়েছে। শুনানির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন। তাই প্রবল সম্ভাবনা রয়েছে যে ওই দিনই চূড়ান্ত রায় ঘোষণা করা হতে পারে।” তিনি আরও নিশ্চিত করেছেন যে, সংশ্লিষ্ট কেস নম্বর ও বিবরণও সেই তালিকায় উল্লেখ রয়েছে। যদিও তিনি মনে করিয়ে দিয়েছেন, এটি আপাতত সম্ভাবনা মাত্র; আদালত চাইলে রায় না দিয়ে শুনানির তারিখও পুনর্নির্ধারণ করতে পারে।

দীর্ঘ বছর ধরে চলা এই মামলায় বেতন বৈষম্য এবং কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে ডিএ-র বিপুল ব্যবধান নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ ক্রমেই বেড়েছে। এখন বিশেষ বেঞ্চ গঠনের খবর ছড়াতেই কর্মী মহলে উত্তেজনা ও আশাবাদ দুই-ই তুঙ্গে। সকলের নজর এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকে। কর্মীদের প্রত্যাশা, রায় পক্ষে এলে এটি তাঁদের জীবনে এক ঐতিহাসিক দিন হবে।