প্রায় এক দশকের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও রাষ্ট্রীয় সফরে চীনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তাঁর বিশেষ বিমান বেইজিংয়ের মাটিতে অবতরণ করার কথা রয়েছে। ট্রাম্পের এই সফরকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে, কারণ এই সফরে তাঁর সঙ্গে কোনো সাধারণ প্রতিনিধি দল থাকছে না; বরং মার্কিন টেক জগতের সবচেয়ে প্রভাবশালী ‘টাইটান’রা তাঁর সঙ্গী হয়েছেন।
হোয়াইট হাউস সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ট্রাম্পের এই সফরের বিশেষ আকর্ষণ হলো তাঁর সফরসঙ্গীদের তালিকা। সেখানে রয়েছেন টেসলা ও স্পেসএক্সের কর্ণধার ইলন মাস্ক, অ্যাপলের সিইও টিম কুক এবং ব্ল্যাকরকের ল্যারি ফিঙ্কের মতো ব্যক্তিত্বরা। এছাড়াও তালিকায় স্থান পেয়েছেন মেটার ভাইস চেয়ারম্যান ডিনা পাওয়েল ম্যাককর্মিক, ভিসার সিইও রায়ান ম্যাকলনার্নি এবং বোয়িংয়ের প্রধান কেলি ওর্টবার্গের মতো রথী-মহারথীরা। এক ডজনেরও বেশি বড় কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের এই উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, এই সফরে শুধু কূটনীতি নয়, বরং বিশাল কোনো বাণিজ্যিক চুক্তি বা টেক-ইন্ডাস্ট্রির নয়া রোডম্যাপ তৈরি হতে চলেছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সফরকে কেন্দ্র করে আয়োজনে কোনো খামতি রাখছেন না। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে এক রাজকীয় অভ্যর্থনা ও বিশেষ ভোজসভার প্রস্তুতি নেওয়া হয়েছে। বেইজিংয়ের অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে, ট্রাম্পকে খুশি করতে এবার ২০১৭ সালের চেয়েও বড় কোনো চমক রাখা হতে পারে। প্রসঙ্গত, ২০১৭ সালে ট্রাম্পের শেষ চীন সফরে বেইজিংয়ের ‘নিষিদ্ধ শহর’ বা ফরবিডেন সিটিতে তাঁর জন্য বিশেষ নৈশভোজের ব্যবস্থা করা হয়েছিল, যা আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের ভাগ্যে জোটেনি।
এবারের সফরে সেই জাঁকজমক আরও কয়েক গুণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্রের খবর, এবার ট্রাম্পের সম্মানে চীনের সর্বোচ্চ নেতৃত্বের কর্মস্থল ও বাসস্থান ‘ঝংনানহাই’-এর অন্দরমহলে এক বিশেষ নৈশভোজের আয়োজন করা হতে পারে। নিষিদ্ধ শহরের ঠিক পাশেই অবস্থিত এই সুরক্ষিত অন্দরমহলে বিদেশি রাষ্ট্রপ্রধানদের প্রবেশের ঘটনা অত্যন্ত বিরল। শি জিনপিংয়ের এই বিশেষ সমাদর কি ট্রাম্পের সাথে বানিজ্যিক সংঘাত কমানোর কোনো কৌশল, নাকি বিশ্ব অর্থনীতিতে এক নতুন মেরুকরণের শুরু— তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে বুধবারের সেই মাহেন্দ্রক্ষণের দিকে, যখন বিশ্বের দুই শক্তিশালী রাষ্ট্রপ্রধান এবং টেক দুনিয়ার সম্রাটরা এক টেবিলে বসবেন।





