দিল্লি যাত্রা বাতিল মুখ্যমন্ত্রীর! মঙ্গলবার এনসিপিআই সাংসদদের সঙ্গে মেগা বৈঠক হচ্ছে না শুভেন্দু অধিকারীর

দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বেলা ১টায় দিল্লির বঙ্গ ভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর৷ কিন্তু আগামিকালের সেই দিল্লি সফর বাতিল করায় নির্ধারিত বৈঠকটিও আর হচ্ছে না। বৈঠক বাতিলের এই খবর ইতিমধ্যেই এনসিপিআই সাংসদদের জানিয়ে দেওয়া হয়েছে।
নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক ও জল্পনা
নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার সকালে নবান্নে মুখ্যমন্ত্রীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। সম্ভবত সেই কারণেই নিজের দিল্লি যাত্রা বাতিল করেছেন তিনি। এর আগেও গত সপ্তাহে নিজের দিল্লি সফর বাতিল করেছিলেন শুভেন্দু।
উল্লেখ্য, দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদদের এই সম্ভাব্য বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর জল্পনা ছড়িয়েছিল। এমনকী, এনসিপিআই সাংসদরা বিজেপিতে যোগ দেবেন কি না, সেই সম্ভাবনা নিয়েও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়ে গিয়েছিল। তবে মঙ্গলবারের এই বৈঠক স্থগিত হয়ে যাওয়ায় আপাতত সেই জল্পনায় সাময়িক বিরতি পড়ল।