‘চারিদিকে শুধু বোমা পড়ছে, আমাদের বাঁচান!’ ইরান থেকে দুই বাঙালির ভয়ঙ্কর ভিডিও বার্তা

পশ্চিম এশিয়ার রণক্ষেত্রে এখন শুধুই বারুদের গন্ধ আর আকাশছোঁয়া আগুনের লেলিহান শিখা। ইজরায়েল ও ইরানের মধ্যে চলা চরম উত্তেজনার মাঝে এবার প্রাণসঙ্কটে দুই বাঙালি। ইরানের বন্দার আব্বাসের কাছে একটি ভারতীয় ভেসেল বা মালবাহী জাহাজে আটকে পড়েছেন তারা। চারিদিকে অনবরত আছড়ে পড়ছে বোমা, আর সেই বিভীষিকার মাঝ থেকেই ভিডিও বার্তা পাঠিয়ে ভারত সরকারের কাছে উদ্ধারের কাতর আবেদন জানিয়েছেন ওই দুই বঙ্গসন্তান।

ভাইরাল হওয়া ওই ভিডিও বার্তায় দেখা যাচ্ছে, আতঙ্কে মুখ শুকিয়ে গিয়েছে ভেসেলের কর্মীদের। নেপথ্যে শোনা যাচ্ছে সাইরেন আর বিস্ফোরণের বিকট শব্দ। এক বাঙালি কর্মী কান্নায় ভেঙে পড়ে বলছেন, “আমাদের চোখের সামনে চারিদিকে বোমা পড়ছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আমরা আর কতক্ষণ নিরাপদ থাকব জানি না। ভারত সরকার যেন যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।” ভিডিওটিতে তারা স্পষ্ট করেছেন যে, তারা বন্দার আব্বাসের খুব কাছে একটি ভেসেলে ডিউটি করছিলেন, কিন্তু যুদ্ধ শুরু হওয়ায় এখন সমুদ্রপথ ও আকাশপথ দুই-ই বিপজ্জনক হয়ে উঠেছে।

ইরানের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ইজরায়েলি হামলার আশঙ্কায় ইরানের বিভিন্ন বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে ওই ভেসেলে থাকা ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছেন তাঁদের পরিবার। বাংলার ওই দুই বাসিন্দার পরিবার এখন নবান্ন এবং দিল্লির বিদেশ মন্ত্রকের দিকে তাকিয়ে আছে। তাঁদের দাবি, অবিলম্বে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যেন তাঁদের সন্তানদের দেশে ফিরিয়ে আনা হয়। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, আটকে পড়া ভারতীয়দের অবস্থান চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তবে যুদ্ধের ডামাডোলে উদ্ধারকাজ কতটা মসৃণ হবে, তা নিয়েই দানা বাঁধছে আশঙ্কা।