চতুর্থ ডি.লিট, এবার আন্তর্জাতিক স্বীকৃতি! সমালোচনার জবাব দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত সম্মানের তালিকায় জুড়ছে আরও একটি পালক। আজ, বুধবার জাপানের একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে সাম্মানিক ডি.লিট (Honorary D.Litt) উপাধি প্রদান করা হবে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধনধান‍্য প্রেক্ষাগৃহে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সূত্রের খবর, এই সম্মাননা প্রদানের জন্য ইয়াকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা কলকাতায় এসেছেন। এই অনুষ্ঠানে তাঁরাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করবেন। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয় (২০১৮), সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় (২০২৩) এবং ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (KIIT) থেকে তিনি সাম্মানিক ডক্টরেট পেয়েছেন। এবার আন্তর্জাতিক স্তরে এই স্বীকৃতি তাঁকে চতুর্থ সাম্মানিক ডি.লিট প্রদান করতে চলেছে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিরোধীদের একাংশের কটাক্ষ থাকলেও, এই আন্তর্জাতিক সম্মানপ্রাপ্তি তাঁর রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাবকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। গত বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন কেলগ কলেজে বক্তব্য রাখার জন্য তিনি আমন্ত্রিত হয়েছিলেন। এবার সরাসরি বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক উপাধি প্রাপ্তি আন্তর্জাতিক মহলে তাঁর ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।