ঘরের মেয়ের জন্য অল-আউট লড়াই! ২০২৬-এর মহাযুদ্ধে ভবানীপুরের রাশ কি তৃণমূলের হাতেই?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে উঠতেই হাই-ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে প্রচারের পারদ তুঙ্গে। রবিবার রাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নির্দেশিকার পরেই সোমবার সকালে কোমর বেঁধে ময়দানে নামলেন কলকাতার মেয়র তথা তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম। চেতলার রাখাল দাস আড্ডি রোডে নিজের চেনা পিচে রীতিমতো দাপুটে ব্যাটিং শুরু করলেন তিনি।
জনসংযোগের সময় মেয়র স্পষ্ট ভাষায় দাবি করেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের ঘরের মেয়ে, এবারও তিনি ৬০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন।” বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন তিনি। ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে, সেই প্রসঙ্গেও ফিরহাদ আশ্বাস দিয়ে বলেন, “আদালতের ওপর আমাদের ভরসা আছে। সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ছেন। প্রয়োজনে আমরা ট্রাইব্যুনালেও যাব।”
ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৮টি ওয়ার্ডেই তৃণমূলের কাউন্সিলর থাকায় সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ শাসক দল। ফিরহাদের এই ঝোড়ো প্রচার বুঝিয়ে দিচ্ছে, ভবানীপুরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভেদ্য দুর্গ হিসেবে ধরে রাখাই এখন জোড়াফুলের মূল লক্ষ্য।