গৌতম গম্ভীরের প্রিয় পাত্রর কপাল খুলল! জাতীয় দলে ডাক পেয়ে স্বপ্নপূরণ আইপিএল কাঁপানো এই তারকার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের মাঝপথেই বড় বদল ভারতীয় স্কোয়াডে! ওয়াশিংটন সুন্দরের চোট কপাল খুলে দিল আইপিএল মাতানো তরুণ তুর্কি আয়ুষ বাদোনির। সোমবার বিসিসিআই-এর পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সুন্দরের পরিবর্তে জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন দিল্লির এই অলরাউন্ডার।

কীভাবে এল এই সুযোগ? ভদোদরায় সিরিজের প্রথম ওয়ানডে চলাকালীন বাঁদিকের পাঁজরে চোট পান ওয়াশিংটন সুন্দর। বিসিসিআই-এর মেডিক্যাল টিম পরীক্ষার পর তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরই অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি পরবর্তী দুই ম্যাচের জন্য স্কোয়াডে অন্তর্ভুক্ত করেন বাদোনিকে। মঙ্গলবার থেকেই তিনি দলের সঙ্গে যোগ দিচ্ছেন।

গম্ভীরের ‘তুরুপের তাস’ এখন নীল জার্সিতে ক্রিকেট মহলে আয়ুষ বাদোনি পরিচিত গৌতম গম্ভীরের অত্যন্ত ঘনিষ্ঠ ও ভরসার পাত্র হিসেবে। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীন বাদোনির প্রতিভাকে চিনে নিয়েছিলেন গম্ভীর। কঠিন সময়ে দলের হাল ধরা এবং নিচের দিকে নেমে মারকুটে ব্যাটিং করার অদম্য ক্ষমতার জন্যই বাদোনিকে বারংবার প্রশংসা করেছেন গম্ভীর। এবার গম্ভীরের সেই ‘ফেভারিট’ ছাত্রের জাতীয় দলে অভিষেক হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে ক্রিকেট দুনিয়া।

নজরকাড়া পরিসংখ্যান ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলা বাদোনির লিস্ট-এ রেকর্ড বেশ উজ্জ্বল। ২৭ ম্যাচে ৬৯৩ রান করার পাশাপাশি অফ-স্পিন বোলিংয়ে ঝুলিতে পুরেছেন ১৮টি উইকেট। ব্যাটিং গড় ৩৬.৪৭। একটি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি প্রমাণ করে তিনি ক্রিজে দীর্ঘক্ষণ টিকে থেকে ম্যাচ বের করার ক্ষমতা রাখেন।

নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের সংশোধিত স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল (উইকেটকিপার) এবং আয়ুষ বাদোনি

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy